
গ্রিসে যাওয়ার পথে তুরস্কের ইজিয়ান উপকূলে গতকাল বুধবার অভিবাসী বহনকারী নৌকা ডুবে সাত শিশুসহ কমপক্ষে ১৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনাটিকে ইউরোপের শরণার্থী-সংকটের সাম্প্রতিকতম করুণ চিত্র হিসেবে দেখা হচ্ছে। খবর এএফপি ও রয়টার্সের।
তুরস্কের বার্তা সংস্থা দোগানের প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্কের কোস্টগার্ড ডুবে যাওয়া কাঠের নৌকা থেকে মরদেহ উদ্ধার করেছে। তারা ২৭ জনকে জীবিত উদ্ধার করতে সমর্থ হয়েছে। এর মধ্যে একজন অন্তঃসত্ত্বা নারী রয়েছেন। তাঁর শারীরিক অবস্থা ভালো রয়েছে। মৃত ও জীবিত উদ্ধার হওয়া ব্যক্তিরা কোন দেশের নাগরিক তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। হেলিকপ্টার নিয়ে কোস্টগার্ডের কর্মীরা উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন।
যুদ্ধ পরিস্থিতি ও দুর্দশা থেকে বাঁচতে মধ্যপ্রাচ্য, এশিয়া ও আফ্রিকার বিপুলসংখ্যক লোক ঘরবাড়ি, সহায়-সম্বল ছেড়ে তুরস্ক থেকে ইউরোপের উদ্দেশে বেরিয়ে পড়ছে। বিশেষত সিরিয়া ও ইরাকের যুদ্ধ পরিস্থিতিতে লাখো মানুষ প্রাণ হাতে করে পালাতে বাধ্য হচ্ছে। বিপৎসংকুল পথে ভাঙাচোরা নৌকায় নিরাপদ আশ্রয়ের সন্ধানে যেতে গিয়ে প্রায়ই ডুবে মারা যাচ্ছে শরণার্থীরা। গৃহযুদ্ধকবলিত প্রতিবেশী সিরিয়া থেকে আসা প্রায় ২২ লাখ শরণার্থী বর্তমানে তুরস্কে রয়েছে। ইউরোপের উদ্দেশে যাত্রা শুরু করার প্রধান পথে পরিণত হয়েছে তুরস্ক।
গত সেপ্টেম্বরে নৌকা ডুবে মৃত শিশু আয়লান কুর্দির লাশ ভেসে আসে তুরস্কের সৈকতে। সৈকতে পড়ে থাকা আয়লানের নিথর দেহের ছবি গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিশ্ববাসীর ঘুম ভাঙে।
এদিকে ক্রোয়েশিয়ার সীমান্তবর্তী স্লোভেনিয়ার একটি গ্রামে গতকাল ট্রাকে করে কাটাতারের বেড়া নির্মাণের সামগ্রী এনে রাখা হয়েছে। এক দিন আগে স্লোভেনিয়া সরকার অভিবাসীদের স্রোত নিয়ন্ত্রণের জন্য সীমান্তে বেড়া নির্মাণ শুরু করার ঘোষণা দেয়। রয়টার্সের ছবিতে দেখা গেছে, বিপুলসংখ্যক পুলিশ ও সেনাসদস্য ঘটনাস্থলে নির্মাণসামগ্রী পাহারা দিচ্ছেন।