ন্যাটোকে হুমকি মনে করে রাশিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সম্প্রসারণকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি মনে করে রাশিয়া। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ-সংক্রান্ত নতুন দলিলে গত বৃহস্পতিবার স্বাক্ষর করেছেন। খবর বিবিসির।
ওই দলিলে বলা হয়, রাশিয়ার ‘স্বাধীন অভ্যন্তরীণ ও পররাষ্ট্রনীতি’ যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোর বাধার মুখে ‘পাল্টা জবাব’ দেওয়ার উদ্যোগ নিয়েছে।
রাশিয়ার অভিযোগ, পশ্চিমা দেশগুলো আন্তর্জাতিক পর্যায়ে খবরদারি করতে চাইছে। ২০১৪ সালে ইউক্রেনে লড়াই শুরুর পর থেকে পশ্চিমা বিশ্বের সঙ্গে রাশিয়ার সম্পর্কের অবনতি হয়। ন্যাটোর প্রতি সমালোচনামূলক আরও কয়েকটি দলিলে স্বাক্ষর করেছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। ইউক্রেন সংকট এবং ইউরোপের পূর্বাঞ্চলে ন্যাটোর উপস্থিতি মোকাবিলায় মস্কো ২০১৪ সালে সমরনীতি পরিবর্তনের ঘোষণা দেয়। ক্রেমলিনের উপদেষ্টা মিখাইল পোপভ বলেছেন, গত কয়েক বছরে ন্যাটো রুশ সীমান্তের কাছাকাছি তৎপরতা চালাচ্ছে এবং এ কারণেই ন্যাটো রাশিয়ার জন্য ‘হুমকি’ হয়ে দাঁড়িয়েছে।
রাশিয়া প্রতি ছয় বছর পরপর জাতীয় নিরাপত্তা কৌশল হালনাগাদ করে। এ-সংক্রান্ত নতুন দলিলে বলা হয়, জাতীয় নিরাপত্তার ওপর নতুন নতুন হুমকির কারণে পরিস্থিতি জটিল হয়ে পড়েছে। এ কারণেই রাশিয়া নিজেদের সামরিক শক্তি বাড়াচ্ছে।