ন্যাটোর পাঠানো অস্ত্রের গুদামে রাশিয়ার হামলা
ইউক্রেনে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর পক্ষ থেকে পাঠানো অস্ত্রভান্ডারে হামলা চালিয়েছে রাশিয়া। বুধবার হামলা চালিয়ে সেটি ধ্বংস করার দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।
রাশিয়ার পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, দূরপাল্লার অত্যাধুনিক কালিবর ক্ষেপণাস্ত্র ছুড়ে ইউক্রেনের লিভিভ অঞ্চলের জোলোকিভ শহরের কাছে বিদেশি অস্ত্রের একটি গুদাম ধ্বংস করা হয়েছে। ওই অস্ত্র ন্যাটোভুক্ত দেশগুলো থেকে ইউক্রেনে আনা হয়েছিল। ধ্বংস করা অস্ত্রের মধ্যে রয়েছে অত্যাধুনিক কামান ব্যবস্থা ১৫৫ মিলিমিটার এম৭৭৭ হাউৎজার।
মস্কোর পক্ষ থেকে অস্ত্রের গুদামে হামলার দাবি করা হলেও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এখনো পশ্চিমা দেশগুলোর কাছ থেকে ভারী অস্ত্রের প্রত্যাশা করছেন। তিনি পশ্চিমা মিত্র দেশগুলোকে দ্রুত অস্ত্র সরবরাহ করার আহ্বান জানান। মঙ্গলবার জেলেনস্কি বলেন, রাশিয়ার আক্রমণ ঠেকাতে পশ্চিমা দেশগুলোর প্রতিশ্রুত অস্ত্রের মাত্র ১০ শতাংশ পেয়েছে তাঁর দেশ।
যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য বলেছে, তারা ক্রেমলিনের সতর্কতা উপেক্ষা করে কিয়েভকে দূরপাল্লার অস্ত্র সরবরাহ করছে।
রাশিয়ান বাহিনী বর্তমানে পূর্ব ইউক্রেনের সেভেরোদোনেৎস্ক শহরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শিল্প কেন্দ্র দখলে নিতে হামলা জোরদার করেছে। এ পরিস্থিতিতে ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ ইউক্রেনকে ভারী অস্ত্র এবং দূরপাল্লার অস্ত্র ব্যবস্থা সরবরাহ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।
আল–জাজিরার খবরে বলা হয়, সেভেরোদোনেৎস্কের ৮০ শতাংশই এখন রুশ বাহিনীর নিয়ন্ত্রণে। লুহানস্কের গভর্নর সেরহি হাইদাই এসব কথা বলেন। শহরটির আজত রাসায়নিক কারখানায় অবরুদ্ধ হয়ে পড়া ইউক্রেনীয় সেনাদের গতকালের মধ্যেই অস্ত্র সমর্পণের আহ্বান জানায় রাশিয়া। তবে রাশিয়ার ওই আহ্বান উপেক্ষা করে লড়াই চালিয়ে যাচ্ছে ইউক্রেনের বাহিনী।
লড়াই এতটাই তীব্র যে শহরটিতে আটকে পড়া লোকজনকে উদ্ধার করা যাচ্ছে না। লুহানস্কের গভর্নরও এ কথা স্বীকার করেছেন। তিনি বলেন, বিরতিহীন গোলাবর্ষণ আর লড়াইয়ের কারণে বেসামরিক নাগরিকদের এখন আর বলতে গেলে সরিয়ে আনা সম্ভব নয়। তিনি আরও বলেন, আজত রাসায়নিক কারখানায় এখনো প্রায় ৫০০ বেসামরিক নাগরিক আশ্রয় নিয়ে আছেন।