পথ হারিয়ে বিপদে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্টকহোমের সিটি কনফারেন্স সেন্টারে হঠাৎ দুই বাঙালি বিনীতা ফখরুন ও মেজবাহ মিনহাজের সঙ্গে দেখা।
স্টকহোমের সিটি কনফারেন্স সেন্টারে হঠাৎ দুই বাঙালি বিনীতা ফখরুন ও মেজবাহ মিনহাজের সঙ্গে দেখা।

স্টকহোমে পথ চিনতে হলে আত্মবিশ্বাসের ওপর নির্ভর করি না। যেদিন যেখানে যে অনুষ্ঠান থাকে, সেদিন বা তার আগের দিন জায়গাটা সম্পর্কে ধারণা নিয়ে আসি। স্টকহোম বিশ্ববিদ্যালয় পর্যন্ত ব্যাপারটার মধ্যে কোনো সমস্যা ছিল না। গোল বাধল িসটি কনফারেন্স সেন্টার নিয়ে।
৮ ডিসেম্বর বিকেলের মধ্যেই ফিরে এসেছিলাম হোটেল রুমে। একটু বিশ্রাম করে সন্ধ্যা ছটার দিকে বেরিয়ে পড়েছিলাম সিটি সেন্টারের দিকে। জানা ছিল স্কান্সতুল মেট্রো স্টেশন থেকে কয়েক স্টেশন পেরিয়ে হটরগেটে নামতে হবে। সেখান থেকে সাড়ে পাঁচ শ মিটার হাঁটলেই সিটি কনফারেন্স সেন্টার। বার্নাশগাটেন নামের রাস্তায়। এই ছিল আমার তথ্যের জোর।
সুইডিশরা গায়ে পড়ে আলাপ করে না ঠিকই, কিন্তু পথ-ঘাটের নিশানা চাইলে ভালো করে বুঝিয়ে দেন। মোবাইল ফোন থেকে নেটে ঢুকে সঠিক অবস্থানও বলে দেন কেউ কেউ। হটরগেট স্টেশনে মেট্রো থেকে নেমে তেমনই একজনকে অনুরোধ করলাম দিক-নিশানার জন্য। তিনি নেট ঘেঁটে বলে দিলেন, ‘এই গেট দিয়ে বের হয়ে প্রথমে ডানদিকে, তারপর আবারও ডানদিকে মোড় নিলে সিটি কনফারেন্স সেন্টারে পৌঁছে যাবে।’
সেভাবেই যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ কেন যেন একটা সন্দেহ চেপে বসল মাথায়। অনেকটা পথ তো হাঁটলাম। সিটি কনফারেন্স সেন্টার কোথায় তাহলে? মেট্রো থেকে নেমে খোলা রাস্তায় হাঁটতে গেলেই বিড়ম্বনায় পড়তে হচ্ছে। সবাই ঠিক রাস্তাটা বলে দিতে পারছে না। আমি ততক্ষণে আসলে রাস্তা হারিয়ে ফেলেছি।
প্রায় সাড়ে ছয় ফুট উচ্চতার একজন যাচ্ছিলেন পাশ দিয়ে, বয়সে তরুণ। তাঁকে থামাতে চাইলাম। তিনি হেসে দুদিকে মাথা ঝাঁকালেন। কিন্তু চলার গতি দিলেন কমিয়ে।
‘শোনো, আমি এসেছি দেশের একবারে দক্ষিণ দিক থেকে। স্টকহোমের কিছুই চিনি না।’ বললেন ছেলেটা।
‘ঠিক আছে। কোনো ব্যাপার না। অন্য কাউকে জিজ্ঞেস করে নেব।’
‘তুমি কোন দেশ থেকে এসেছ?’
‘বাংলাদেশ।’
‘ঢাকা?’
‘হ্যাঁ, ঢাকা।’
‘আমি শুধু তোমাদের এলাকার একজনকে চিনি। গান্ধী।’
‘আর কাউকে চেন না? টেগোর? নোবেলজয়ী সাগর?’
‘হ্যাঁ, টেগোরকেও চিনি। ওর একটা কবিতা পড়েছি।’
যাক, ছেলেটা মিথ্যে বলছেন না। ও তো বলতে পারতেন, রবীন্দ্রনাথ মুখস্থ।
‘তুমি এখন কোথায় যাচ্ছ?’
‘ব্লুজ শুনতে। দেখি, টিকিট পাই কি না!’
তারপর বিনয়ের সঙ্গে কয়েকবার বললেন, সহযোগিতা করতে পারছেন না বলে তাঁর খারাপ লাগছে।
তাঁর সঙ্গে হাঁটতে হাঁটতে কখন টি-সেন্ত্রালিয়নের কাছে চলে এসেছি, তা জানতেও পারিনি। দুদিন আগে এই এলাকায় এসেছিলাম ডলার ভাঙিয়ে ক্রোনার করতে। তাহলে তো জায়গাটা চেনাই!
আশপাশে তাকিয়ে দেখলাম। পৃথিবীর সেরা ব্রান্ডগুলো ঘাঁটি গেড়েছে এখানে। নাম বলে শেষ করা যাবে না। আর মূল রাস্তা থেকে বেরিয়ে যে রাস্তাগুলো দুই ধারের দোকানের মাঝখান দিয়ে এগিয়ে গেছে, সেগুলো চকচকে ইটের রাস্তা। গাড়ি চলে না এ রাস্তায়। শুধু মানুষের চলাচলের জন্যই তা। এখানেই দুই নারী-পুরুষ একপাশে বসে ধরেছেন গান। রোমানিয়ান জিপসি তাঁরা। গানের সুরটা সত্যিই শ্রুতিমধুর। দাঁড়িয়ে কিছুক্ষণ ভিডিও করলাম। অনেকেই খুশি হয়ে তাদের হ্যাট ভরে দিচ্ছে পয়সায়। ভালো লাগল।
কিন্তু আমার সিটি কনফারেন্স সেন্টারের কী হবে? এবার পথে পাই আর্মেনিয়ান এক মেয়েকে।
‘সিটি কনফারেন্স হল দেখিয়ে দিতে পারো? ওই যে যেখানে সভা হয়?’
‘গান বাজনা? ছবির প্রদর্শনী?’ খুবই আত্মবিশ্বাসের সঙ্গে জিজ্ঞেস করল মেয়েটি।
‘হতে পারে। আমি জানি না।’ আমার মনে সংশয়।
‘কোনো চিন্তা নেই। ওদিকে যাও।’
ও ‘গ্যালারি’ নামে সামনের এক বাড়ি দেখিয়ে দিল। আমিও মহানন্দে সেদিকে চলে গেলাম। আর তাতে দ্বিতীয়বারের মতো পথ গুলিয়ে ফেললাম। মেয়েটা কিছু না বুঝেই একটা কিছু দেখিয়ে দিয়েছে আমাকে। ও ভেবেছে কোনো গ্যালারি বুঝি দেখতে এসেছি আমি।
মুশকিল আসান হতে পারে এখন শুধু মেট্রো স্টেশনে গিয়ে সুপারভাইজারের কাছে প্রশ্ন রাখলে। সেটাই করলাম। তিনি নেটে খুঁজে বললেন, এদিক দিয়ে বের হয়ে ডানদিকে যাবে। প্রথম ট্রাফিক সিগন্যাল পার হয়ে খানিকটা হেঁটে ডানদিকে মোড় নেবে। সোজা হেঁটে গেলে পেয়ে যাবে।’
সুপারভাইজারের কথামতো সামনে এগোই। ট্রাফিক সিগন্যাল পার হয়ে ডানে মোড় নিই। কিন্তু যে লাউ, সেই কদু। আবার পথ হারিয়ে ফেলি।
বুঝতে পারি, আজ আসলেই আর সিটি কনফারেন্স হল খুঁজে পাওয়া যাবে না। কাল খুব সকালে এসে খুঁজে নেব ঠিক। কিন্তু এবারও বিড়ম্বনার শেষ হয় না। টি-সেন্ত্রালিয়ন বিশাল স্টেশন। এখানে তিন বা চার স্তরের মেট্রো আছে। তাই প্রথম যেদিকে নামি, সেদিকটা অচেনা মনে হয়। জিজ্ঞেস করে জানতে পারি, আমাকে অন্য স্তরে গিয়ে খুঁজতে হবে স্কান্সতুলে যাওয়ার মেট্রো। দুই তিন স্তরে গিয়ে প্রতারিত হই। একটু আগেও যে জেদ ছিল, নিজেই খুঁজে বের করব, তা মাথা নুইয়ে ফেলে। অবশেষে আবার স্টেশন ম্যানেজারের শরণাপন্ন হওয়া। তিনি পথ বাতলে দিলেন।
যখন স্কান্সতুলে পৌঁছালাম, তখনই প্রথম ঘড়ি দেখলাম। জীবন থেকে ঠিক তিন ঘণ্টা কেড়ে নিয়েছে এই ভুলভুলাইয়া!

কনফারেন্স সেন্টারে
নোবেল সংলাপের প্রথম অধিবেশন শেষে যখন একটু বিরতি, তখন জুস আর মিষ্টি রুটি (কিছু একটা নাম আছে নিশ্চয়ই, আমি জানব কী করে) খাচ্ছিলাম। এ সময় একটি সাহসী মেয়ে আবার দিকে এগিয়ে এল, ‘এক্সকিউজ মি, আর ইউ ফ্রম বাংলাদেশ?’
‘ইয়াহ!’
‘আর ইউ জাহীদ রেজা নূর?’
আমি তো অবাক। সায় দিই। মেয়েটা এবার ঝরনার কলস্বরে বলে ওঠে, ‘আমি ঠিক বুঝতে পারছিলাম এটা আপনি। আপনার লেখা আমি পড়েছি। আপনি জায়গার নাম ভুল লিখেছেন।’ শুরুতেই অনুযোগ করে মেয়েটি।
একটু সতর্ক হই। ‘কোন জায়গার নাম? স্কান্সতুল?’
‘ঠিক বলেছেন। কিন্তু আপনি কী যেন একটা অন্য কিছু লিখেছেন। সম্ভবত স্তানস্তুল।’
‘হতে পারে। সুইডিশ নামগুলো খুব বিদঘুটে।’
মেয়েটা এবার ওর স্বামীর সঙ্গে পরিচয় করিয়ে দেয়। নিজের নামটাও বলে।
বিনীতা ফখরুন ওর নাম। মেজবাহ মিনহাজ ওর স্বামীর নাম। স্বামী পিএইচডি করছে। বিনীতাও পড়ছে। ইউরোপিয়ান ইউনিয়নের স্কলারশিপ বলে মিনহাজ কয়েক বছরে বেশ কিছু দেশ ঘুরেছে। এখন হয়তো ওরা দুজন স্টকহোমেই স্থায়ী হবে।
একেবারে অপরিচিত দুজন বাঙালি কয়েক মুহূর্তের মধ্যেই আপন হয়ে গেল। ওরা দুজনই চট্টগ্রাম থেকে এসেছে। দেশের প্রতি ভালোবাসা আছে। মুক্তিযুদ্ধের প্রতি অবিচল প্রত্যয় নিয়ে ওরা এখানে আছে। আক্ষেপ করে বলল, এখানে স্বাধীনতাবিরোধী চক্রও খুব সক্রিয়।
ওদের কাছ থেকে এ দেশের বাঙালিদের অবস্থা জেনে নিই। কিছু সংবাদ আনন্দ দেয়, কিছু সংবাদ বেদনা আনে।
বিনীতা আর মিনহাজের কাজ ছিল। ওরা চলে যাবে। বিদায় দেওয়ার সময় মনে হয়, হয়তো আর কোনো দিন ওদের সঙ্গে দেখা হবে না। কিন্তু কয়েকটি মিনিট একসঙ্গে থাকলাম আমরা, কিছু কথা বললাম, এর কি কোনো মূল্য নেই?
ওদের ছবি তো আঁকা হয়ে গেছে মনের ক্যানভাসে।