পথচারীরা রুখল হামবুর্গের হামলাকারীকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হামবুর্গে বামবের্গ এলাকায় ফুলসব্রুটলার সড়কে হামলার ঘটনার পর ভারী অস্ত্র নিয়ে পুলিশ।
হামবুর্গে বামবের্গ এলাকায় ফুলসব্রুটলার সড়কে হামলার ঘটনার পর ভারী অস্ত্র নিয়ে পুলিশ।

হামবুর্গ শহরতলির বামবের্গ এলাকার একটি সুপারমার্কেটে দুর্বৃত্তের হামলার ঘটনায় একজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। ঘটনার পরপরই হামলাকারী পালিয়ে যাওয়ার চেষ্টা করলে সেখানকার পথচারীরা তাঁকে ধাওয়া করে ধরে ফেলে। গতকাল শুক্রবার বেলা তিনটার দিকে ফুলসব্রুটলার সড়কের এডেকা নামের সুপার মার্কেটে এই হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বড় একটি রক্তমাখা ছুরি নিয়ে হামলাকারী এডেকা সুপার মার্কেটে প্রবেশ করেই ক্রেতাদের ওপর হামলা করে। সে সময় ওই হামলাকারী ‘আল্লাহ আকবর’ বলে চিৎকার করছিলেন। ফুলসব্রুটলার সড়কটির দুই পাশেই বিপণিবিতান, কফিশপ ও রেস্টুরেন্ট রয়েছে। দর্শনার্থীদের কাছে এ রাস্তাটি বেশ জনপ্রিয়।

ঘটনার পর পরই হামবুর্গের পুলিশ ও কমান্ডোরা পুরো সড়কটি ঘিরে ফেলে। আহতদের সরিয়ে নিতে দ্রুত সেখানে হেলিকপ্টার পাঠানো হয়।

হামলাকারী সুপার মার্কেট থেকে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পথচারীরা একটি বাসস্ট্যান্ডের কাছে প্লাস্টিকের চেয়ার ও লাঠি দিয়ে উপর্যুপরি হামলা করে তাঁকে ধরে ফেলে। পরে পুলিশ ফাঁকা গুলি করে হামলাকারীকে গ্রেপ্তার করে।

জার্মানির গণমাধ্যমগুলো বলছে, হামলাকারীর নাম আহমেদ। ২৬ বছর বয়সী এই ব্যক্তি সংযুক্ত আরব আমিরাতে জন্মগ্রহণকারী একজন শরণার্থী।

স্পিগেল নামের একটি গণমাধ্যমে বলা হয়, আহমেদ নামের ওই হামলাকারীর মানসিক সমস্যা ছিল। নিয়মিত মাদক গ্রহণ করত বলেও অভিযোগ আছে। জার্মানিতে আহমেদের সঙ্গে নিষিদ্ধ হওয়া ইসলামিক গ্রুপ সালাফিস্টদের যোগাযোগ ছিল।

হামবুর্গের মেয়র ওলাফ সুলজ গতকাল সন্ধ্যায় জানিয়েছেন, হামলাকারী একটি শরণার্থী আশ্রয়কেন্দ্রে বসবাস করতেন। সম্প্রতি তাঁর রাজনৈতিক শরণার্থী বিষয়ক আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে। তবে দেশে ফেরতের কাগজপত্রে জটিলতা থাকায় হামবুর্গেই অবস্থান করছিলেন তিনি।