পদত্যাগের ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রধানমন্ত্রী আহমেত দাভুতোগলু। গতকাল বৃহস্পতিবার তিনি এ ঘোষণা দিয়ে বলেন, ২২ মে ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একেপি) বিশেষ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে পদ থেকে সরে দাঁড়াবেন। দেশের শাসনব্যবস্থাকে প্রেসিডেন্টশাসিত পদ্ধতিতে রূপান্তরের চেষ্টা নিয়ে প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানের সঙ্গে দীর্ঘদিন ধরেই মতপার্থক্য চলে আসছে দাভুতোগলুর।
রাজধানী আঙ্কারায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় দাভুতোগলু বলেন, ‘আমার মনে হয় না, বর্তমান প্রেক্ষাপটে আগামী সম্মেলনে ফের আমি প্রধানমন্ত্রী পদের জন্য প্রার্থী হব।’
একেপির গঠনতন্ত্র অনুযায়ী, দলীয় প্রধান ও দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব একই ব্যক্তি সামলান। সে অনুযায়ী আসছে সম্মেলনে দলীয় প্রধানের পদ থেকেও হয়তো দাভুতোগলুকে সরে দাঁড়াতে দেখা যেতে পারে।
গত বুধবার প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে দাভুতোগলুর সাক্ষাতের পরই তাঁর পদত্যাগের বিষয়টি চাউর হয়। তবে শাসনপদ্ধতি নিয়ে মতপার্থক্য থাকলেও গতকাল তুর্কি প্রধানমন্ত্রী বলেছেন, তিনি প্রেসিডেন্টের প্রতি অনুগত। দাভুতোগলু বলেন, ‘কারোর প্রতি রাগ বা বিদ্বেষ নেই আমার। এমনটা কেউ কখনো শুনবেনও না। প্রেসিডেন্টের বিরুদ্ধে আমাকে কখনো কেউ একটা শব্দ উচ্চারণ করতেও দেখবেন না।’
২০১৪ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এরদোয়ান দলের প্রধান হিসেবে তাঁর জায়গায় দাভুতোগলুকে বেছে নেন। কিন্তু তুরস্কের সরকারব্যবস্থায় প্রেসিডেন্টের একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠার লক্ষ্যে শাসনতন্ত্রের সংস্কারসহ বেশ কিছু ইস্যুতে কয়েক মাস ধরে তাঁদের মধ্যে মতপার্থক্যের সৃষ্টি হয়েছে। বিশেষ করে গত বছর নভেম্বরের নির্বাচনে একেপির বিশাল জয়ের পর থেকে এ মতপার্থক্য চরম আকার ধারণ করেছে বলে খবর বেরিয়েছে।
তুরস্কে ইতিমধ্যে বিরাজমান অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে সরকারের শীর্ষ পর্যায়ের দুই ব্যক্তির মধ্যে মতপার্থক্যের এ খবর প্রকাশ পেল। সাম্প্রতিক সময়ে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) ও জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে দেশটি। ছোট-বড় বেশ কয়েক দফায় হামলার ঘটনাও ঘটেছে।