পদত্যাগ করলেন ইতালির প্রধানমন্ত্রী রেনজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণভোটে হারার তিন দিনের মাথায় আগের ঘোষণা অনুযায়ী পদত্যাগ করেছেন ইতালির প্রধানমন্ত্রী মাত্তিও রেনজি। তিনি প্রেসিডেন্টের কাছে তাঁর পদত্যাগপত্র জমা দিয়েছেন। এরপর তত্ত্বাবধায়ক সরকার গঠনের উদ্যোগ নিয়েছেন প্রেসিডেন্ট। আগামী শনিবার পর্যন্ত আলোচনা চলবে।

এর আগে রেনজিকে প্রেসিডেন্ট সের্গিও ম্যাত্তারেলা অনুরোধ করেছিলেন সিনেটে ২০১৭ সালের বাজেট পাস হওয়া পর্যন্ত তাঁর পদত্যাগ বিলম্বিত করতে। বাজেট পাসের পর প্রধানমন্ত্রী তাঁর সিদ্ধান্তে অনড় ছিলেন এবং পদত্যাগ করেছেন।

পদত্যাগের আগে এক টুইটার বার্তায় রেনজি বলেন, ‘বাজেট আইন অনুমোদিত হয়েছে। এবার আনুষ্ঠানিক পদত্যাগের পালা। সবাইকে ধন্যবাদ। ইতালি দীর্ঘস্থায়ী হোক।’

এরপর তিনি দলের নেতাদের সঙ্গে বৈঠকের পর প্রেসিডেন্টের কাছে গিয়ে পদত্যাগপত্র জমা দেন। প্রেসিডেন্ট সের্গিও ম্যাত্তারেলা তত্ত্বাবধায়ক সরকার গঠনের উদ্যোগ নিয়েছেন। গতকাল বৃহস্পতিবার এ নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। এর আগ পর্যন্ত রেনজি তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী থাকবেন।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রেনজির রাজনৈতিক দল ডেমোক্রেটিক পার্টিকে (পিডি) তত্ত্বাবধায়ক সরকার গঠনের জন্য আহ্বান জানাবেন প্রেসিডেন্ট। দেশটিতে আগামী সাধারণ নির্বাচন হওয়ার কথা ২০১৮ সালে। তবে বিরোধী রাজনৈতিক দলগুলো আগাম নির্বাচনের দাবি করে আসছে।

প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগ করলেও পার্লামেন্টে রেনজির ডেমোক্রেটিক পার্টি সংখ্যাগরিষ্ঠ আছে।