বরিস জনসন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী পদে থাকতে লড়ছেন। তাঁর সঙ্গ ছাড়ছেন লোকজন। তাঁর সরকার ও দল থেকে পদত্যাগকারী ব্যক্তিদের সংখ্যা বাড়ছে। এই সংখ্যা ইতিমধ্যে ৫০ ছাড়িয়েছে। খবর বিবিসির।
স্থানীয় সময় গত মঙ্গলবার অর্থমন্ত্রীর পদ ছাড়েন ঋষি সুনাক। সেদিনই নতুন অর্থমন্ত্রী হিসেবে নাদিম জাহাবির নাম ঘোষণা করেন বরিস। এই নাদিমই এখন বরিসের পদত্যাগ চাইছেন। বরিসকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন তিনি।
নাদিম আগে শিক্ষামন্ত্রীর দায়িত্বে ছিলেন। শিক্ষামন্ত্রীর শূন্য পদে নিজের অনুগত বলে পরিচিত মিশেল ডোনেলানকে নিয়োগ দেন বরিস। মিশেলও পদত্যাগ করেছেন। তিনি এখন বলছেন, বরিস তাঁদের একটি অসম্ভব পরিস্থিতির মধ্যে ফেলেছেন।
বরিস তাঁর অবস্থানে অনড় রয়েছেন। তিনি জোর দিয়ে বলছেন, সরকার চালিয়ে নেওয়ার জন্য তাঁর বড় ‘ম্যান্ডেট’ রয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে প্রথমে পদত্যাগ করেন নর্দার্ন আয়ারল্যান্ড–বিষয়ক মন্ত্রী ব্র্যান্ডন লুইস। পরে আরও সাতজন মন্ত্রী পদত্যাগ করেন।
পদত্যাগপত্রে লুইস বলেন, তিনি বরিসকে, তাঁর চারপাশের লোকজনকে সন্দেহের সুবিধা দিয়েছেন। এই সরকার রক্ষায় কাজ করেছেন। কিন্তু এখন আর সে সুযোগ নেই।
পরে ট্রেজারিমন্ত্রী হেলেন হোয়াটলি, নিরাপত্তামন্ত্রী ডেমিয়ান হিন্দস, বিজ্ঞানমন্ত্রী জর্জ ফ্রিম্যান, পেনশনমন্ত্রী গাই ওপারম্যান, প্রযুক্তিমন্ত্রী ক্রিস ফিলপ ও আদালতবিষয়ক মন্ত্রী জেমস কার্টলিজও পদত্যাগ করেন।
বরিসের অনুগত বলে পরিচিত রাজনীতিকেরাও এখন তাঁকে পদত্যাগ করতে বলছেন। এ দলে আছেন প্রীতি প্যাটেল ও গ্রান্ট শ্যাপস।
সমালোচক দমাতে বরিস তাঁর লেভেলিং আপ–বিষয়ক মন্ত্রী মাইকেল গভকে গতকাল বুধবার বহিষ্কার করেন। ডাউনিং স্ট্রিটের সূত্র তাঁকে ‘সাপ’ আখ্যা দিয়েছে।
ব্রেক্সিট–বিষয়ক প্রচারে বরিসের মিত্র ছিলেন গভ। কিন্তু পরে বরিসের বিরুদ্ধে যান তিনি। গতকাল দিনের শুরুতে তিনি বরিসকে পদত্যাগের আহ্বান জানান।
গতকাল ৪০ জন মন্ত্রী ও সহযোগী পদত্যাগ করেন, যা ২৪ ঘণ্টায় রেকর্ড। এমনকি গভীর রাত পর্যন্ত পদত্যাগ অব্যাহত থাকে। ওয়েলশ–বিষয়ক মন্ত্রী সিমন হার্ট রাত ১১টার দিকে পদত্যাগ করেন।