পরিকল্পনা সিরিয়ায়, শনাক্ত ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্যারিসে সন্ত্রাসী হামলায় নিহত ব্যক্তিদের স্মরণে গতকাল ইউরোপজুড়ে এক মিনিটের নীরবতা পালন করা হয়। ফ্রান্সের লিওঁ শহরে এ কর্মসূচি পালনকালে দেশটির জাতীয় পতাকা তুলে ধরেন এক ব্যক্তি l ছবি: রয়টার্স
প্যারিসে সন্ত্রাসী হামলায় নিহত ব্যক্তিদের স্মরণে গতকাল ইউরোপজুড়ে এক মিনিটের নীরবতা পালন করা হয়। ফ্রান্সের লিওঁ শহরে এ কর্মসূচি পালনকালে দেশটির জাতীয় পতাকা তুলে ধরেন এক ব্যক্তি l ছবি: রয়টার্স

প্যারিসে শুক্রবারের সন্ত্রাসী হামলার পর ফ্রান্সজুড়ে সন্দেহভাজন জঙ্গিদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান জোরদার করেছে পুলিশ। অন্তত ১৬৮টি বাড়িতে অভিযানে ২৩ জনকে আটকের পাশাপাশি রকেট লঞ্চার, রাইফেলসহ বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ১০৪ জনকে গৃহবন্দী করেছে পুলিশ। প্রকাশ করা হয়েছে সাত হামলাকারীর পরিচয়। মূল পরিকল্পনাকারীকে শনাক্ত করা হলেও তিনি এখনো পলাতক। এ হামলার পরিকল্পনা সিরিয়া থেকেই হয়েছে বলে জানিয়েছেন ফরাসি প্রধানমন্ত্রী।
প্যারিসের ছয়টি স্থানে গত শুক্রবার জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সন্ত্রাসী হামলায় নিহত হয় অন্তত ১৩২ জন। তাদের স্মরণে গতকাল সোমবার ইউরোপজুড়ে এক মিনিটের নীরবতা কর্মসূচি পালিত হয়। ফ্রান্সসহ ইউরোপে আরও হামলার ব্যাপারে সতর্ক করে দিয়েছে ফরাসি কর্তৃপক্ষ। আইএসও এক ভিডিওবার্তায় যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে হামলার হুমকি দিয়েছে। খবর এএফপি, রয়টার্স ও বিবিসির।
জোরদার অভিযান: ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী বারনার্দ ক্যাজেনভ গতকাল সাংবাদিকদের বলেন, ফ্রান্সের বিভিন্ন এলাকায় গত ৪৮ ঘণ্টায় ৩১টি আগ্নেয়াস্ত্রের পাশাপাশি কম্পিউটারের হার্ডড্রাইভ, টেলিফোন এবং অবৈধ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। প্রধান সন্দেহভাজনদের খোঁজে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসেও অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ। এরই মধ্যে তারা একজন সন্দেহভাজন জঙ্গিকে পাকড়াও করেছে। ব্রাসেলসের মোলেনবিক এলাকায় এসব অভিযান চালানো হয়। সেখানে গুলি ও বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। এলাকাটি জঙ্গিদের আস্তানা হিসেবে পরিচিত।
সাত হামলাকারীর পরিচয় প্রকাশ: শুক্রবারের হামলার ঘটনায় সন্দেহভাজন সাতজনের পরিচয় শনাক্ত করা হয়েছে, এঁদের মধ্যে পাঁচজন নিহত হয়েছেন এবং একজন বেলজিয়ামে আটক ও অপরজন পলাতক রয়েছেন।
সাতজনের মধ্যে তিন ভাই রয়েছেন। তাঁরা হলেন ব্রাহিম আবদেসালেম (৩১), সালেহ আবদেসালেম (২৬) ও মোহাম্মদ আবদেসালেম। ব্রাহিম আবদেসালেম বাতাক্লঁ কনসার্ট হলে হামলার সময় নিহত হন। মোহাম্মদ আবদেসালেম বেলজিয়ামে আটক হলেও দুই দিন পরে গতকাল তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।

আবদেলহামিদ আবাউদ
আবদেলহামিদ আবাউদ

আর ব্রাসেলসে জন্ম নেওয়া সালেহ আবদেসালেমকে খুঁজছে পুলিশ। খবরে বলা হচ্ছে, প্যারিসে হামলার পর বেলজিয়ামে যাওয়ার জন্য সীমান্ত অতিক্রম করার সময় তাঁকে পুলিশ থামিয়েছিল। তবে শেষ পর্যন্ত সালেহকে বেলজিয়ামে যেতে দেওয়া হয়। ব্রাসেলসের যে মোলেনবিক এলাকায় গতকাল অভিযান চলছিল, তিনি সেখানেই আছেন বলে আশাবাদী বেলজিয়ামের কর্তৃপক্ষ।
পরিচয় প্রকাশ হওয়া অপর চার হামলাকারীর মধ্যে প্যারিসের উপকণ্ঠের বাসিন্দা ওমর ইসমাইল মোস্তফে (২৯) বাতাক্লঁ কনসার্ট হলে হামলার সময় নিহত হয়েছেন। প্যারিসের উপকণ্ঠের বাসিন্দা সামি আমিমুরও (২৮) নিহত হন একই স্থানে হামলার সময়। গতকাল গ্রেপ্তার হওয়া ২৩ জনের মধ্যে তাঁর তিন স্বজনও রয়েছেন। ফরাসি পত্রিকা লো মদঁ জানিয়েছে, আমিমুরের বাবা ২০১৩ সালে তাঁকে দেশে ফিরিয়ে আনতে সিরিয়ায় গিয়েছিলেন। তবে তিনি ব্যর্থ হন।
আরেক হামলাকারী বিলাল হাদফি (২০) নিহত হয়েছেন স্তাদ দো ফ্রঁস স্টেডিয়ামের কাছে হামলার সময়। একই স্থানে হামলার সময় মারা যান আহমেদ আল-মোহাম্মদ (২৫) নামে সিরীয় পাসপোর্টধারী। সিরিয়ার ইদলিব প্রদেশের বাসিন্দা আহমেদ শরণার্থী হয়ে গ্রিসে যান। দেশটির লেরস দ্বীপে পৌঁছার পর তাঁর আঙুলের ছাপ নেয় গ্রিসের কর্তৃপক্ষ। ওই ছাপের সঙ্গে শুক্রবারের হামলার স্থলে আল-মোহাম্মদের দেহাবশেষের পাশে পাওয়া পাসপোর্টে থাকা আঙুলের ছাপ মিলে গেছে বলে খবরে জানানো হয়। তবে গার্ডিয়ান-এর খবরে বলা হয়, পাসপোর্টটি আসল না জাল, তা নিশ্চিত নয়। বিশেষ করে জাল সিরীয় পাসপোর্টের বাণিজ্য হওয়ায় এবং ইউরোপে আসার সময় অনেক সিরীয় শরণার্থীর পাসপোর্ট চুরি বা ছিনতাইয়ের শিকার হওয়ায় এ আশঙ্কা রয়েছে।
এই সাতজনের বাইরে মরক্কোর বংশোদ্ভূত একজন বেলজিয়ান নাগরিকের বিষয়েও তদন্ত চলছে। আবদেলহামিদ আবাউদ (২৭) নামের ওই ব্যক্তিই প্যারিস হামলার মূল পরিকল্পনাকারী বলে মনে করা হচ্ছে। তিনিও ব্রাসেলসের মোলেনবিক এলাকায় থাকতেন। তবে বর্তমানে আবাউদ সিরিয়ায় রয়েছেন বলে মনে করা হচ্ছে।
ইউরোপজুড়ে নীরবতা: প্যারিসে নিহত ব্যক্তিদের স্মরণে গতকাল ইউরোপের বিভিন্ন স্থানে এক মিনিটের নীরবতা কর্মসূচি পালিত হয়। ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ ও তাঁর মন্ত্রিসভার সদস্যরা কালো পোশাকে প্যারিসের সরবোন বিশ্ববিদ্যালয়ে সমবেত হয়ে নীরবতা পালন করেন। এ ছাড়া যুক্তরাজ্য, স্পেন, জার্মানি, সুইডেন ও নরওয়ের বিভিন্ন শহরে গতকাল নীরবতা পালন কর্মসূচির আয়োজন করা হয়।
সিরিয়ায় ফরাসি বিমান হামলা: সিরিয়ায় আইএসের শক্ত ঘাঁটি রাকার বিভিন্ন স্থানে বিমান হামলা চালিয়েছে ফ্রান্স। তবে আইএস পরে এক বিবৃতিতে বলেছে, কিছু ফাঁকা স্থানে এসব হামলা চালানো হয়েছে, যাতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
সতর্ক করেছিল তুরস্ক: হামলাকারী ওমর ইসমাইল মোস্তফের বিষয়ে এক বছর আগেই প্যারিসকে সতর্ক করে দিয়েছিল তুরস্ক। তবে আঙ্কারার সেই সতর্কবার্তায় কান দেয়নি ফরাসি কর্তৃপক্ষ। তুরস্কের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, মোস্তফের বিষয়ে তুর্কি পুলিশ ২০১৪ সালের ডিসেম্বরে একবার এবং চলতি বছরের জুনে আরেকবার ফরাসি পুলিশকে অবগত করেছিল। তিনি বলেন, ‘আমরা কিন্তু এ বিষয়ে ফ্রান্সের কাছ থেকে কোনো জবাব পাইনি।... প্যারিস হামলার পরই কেবল ফ্রান্স মোস্তফের বিষয়ে তথ্য দেওয়ার অনুরোধ করেছে।’ ওই কর্মকর্তা জানান, মোস্তফে ২০১৩ সালে তুরস্কে ঢোকেন উত্তর-পশ্চিমাঞ্চলীয় আদির্নে প্রদেশ হয়ে, যার সঙ্গে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ গ্রিস ও বুলগেরিয়ার সীমান্ত রয়েছে। তবে তাঁর তুরস্ক ছাড়ার বিষয়ে কোনো তথ্য তাঁদের কাছে নেই।
আরও হামলার সতর্কবার্তা: এদিকে আরও হামলার ব্যাপারে সতর্ক করে দিয়েছেন ফরাসি প্রধানমন্ত্রী মানুয়েল ভালস। তিনি আরটিএল রেডিওকে বলেন, ‘আমরা জানতে পেরেছি, আরও হামলার প্রস্তুতি চলছে। কেবল ফ্রান্সের বিরুদ্ধেই নয়, অন্যান্য ইউরোপীয় দেশেও তা চালানো হতে পারে।’
ওয়াশিংটনে হামলার হুমকি: জঙ্গিগোষ্ঠী আইএস গতকাল নতুন একটি ভিডিওবার্তা প্রকাশ করেছে, যাতে সিরিয়ায় বিমান হামলা চালানো সব দেশকে ফ্রান্সের পরিণতির হুমকি দেওয়া হয়েছে। আইএসের বিভিন্ন বার্তা প্রকাশে ব্যবহৃত একটি ওয়েবসাইটে নতুন ভিডিওবার্তাটি প্রকাশিত হয়েছে। প্যারিসে হামলার পরের মুহূর্তগুলোর ফুটেজ দিয়ে এই ভিডিও শুরু হয়েছে। এতে সামরিক পোশাক ও পাগড়ি পরা এক ব্যক্তি বলেন, ফ্রান্স যে পরিণতি বরণ করেছে, বিমান হামলা চালানো অন্য দেশগুলোও তেমন পরিণতির মুখোমুখি হবে। আইএস ফ্রান্সের প্রাণকেন্দ্র প্যারিসে আঘাত হেনেছে। ভবিষ্যতে আমেরিকার প্রাণকেন্দ্র ওয়াশিংটনেও আঘাত হানবে।
জরুরি অবস্থার মেয়াদ বাড়ছে: ফরাসি প্রেসিডেন্ট ওলাঁদ বলেছেন, প্যারিসে হামলার পর জারি করা জরুরি অবস্থা তিন মাস বাড়ানোর প্রস্তাব দেবেন তিনি। গতকাল পার্লামেন্টে ভাষণ দেওয়ার সময় এ কথা বলেন তিনি।
জলবায়ু সম্মেলন হবে: ৩০ নভেম্বর থেকে প্যারিসে জাতিসংঘের জলবায়ু সম্মেলন শুরুর কথা রয়েছে, যাতে অংশ নেবেন ১২০ জন বিশ্বনেতা। শুক্রবারের হামলার ঘটনায় সম্মেলন অনুষ্ঠান নিয়ে সংশয় প্রকাশ করছিলেন অনেকে। তবে ফরাসি সরকার বলছে, তারা সন্ত্রাসের কাছে মাথানত করবে না। জলবায়ু সম্মেলন হবে।