পরিচ্ছন্ন জ্বালানিতে চার দিন!

বৈশ্বিক উষ্ণায়নজনিত জলবায়ু পরিবর্তনের গতি হ্রাস আর পরিবেশদূষণ রোধে বিজ্ঞানীরা নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারে উৎসাহ দিয়ে আসছেন। কিন্তু নানা কারণে দীর্ঘদিনের তেল-গ্যাসের ওপর নির্ভরশীলতা থেকে খুব একটা সরে আসতে পারেনি বিশ্ব। এই পরিস্থিতিতে ইউরোপের দেশ পর্তুগাল দেখিয়ে দিল, কেবল বিকল্প জ্বালানিতে চলা সম্ভব।
টানা চার দিনেরও বেশি সময় ধরে জল, বায়ু আর সৌরশক্তিতে পুরো দেশের বিদ্যুৎ চাহিদা পূরণ করেছে পর্তুগাল। তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ৭ মে সকাল ৬টা ৪৫ মিনিট থেকে ১১ মে বিকেল ৫টা ৪৫ মিনিট পর্যন্ত টানা ১০৭ ঘণ্টা পর্তুগালের বিদ্যুৎ চাহিদা পূরণ হয়েছে পরিবেশবান্ধব সৌর, বায়ু ও জলশক্তিকে কাজে লাগিয়ে।
উষ্ণতা বৃদ্ধির জন্য দায়ী গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমাতে ২০২০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানির মাধ্যমে শক্তির চাহিদা ২০ শতাংশ পূরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
বায়ুশক্তিবিষয়ক সংগঠন উইন্ড ইউরোপ ট্রেড অ্যাসোসিয়েশনের মুখপাত্র অলিভার জয় এ ব্যাপারে বলেন, গত বছর ডেনমার্ক দেখিয়েছে, এ জ্বালানির ওপর নির্ভর করেও চলা যায়। আর এবার রীতিমতো মাইলফলক স্পর্শ করল পর্তুগাল।
সৌরশক্তি নিয়ে কাজ করা সোলার পাওয়ার ইউরোপের প্রধান নির্বাহী (সিইও) জেমস ওয়াটসন বলেন, ইউরোপের কোনো দেশ হিসেবে পর্তুগালের এটি একটি গুরুত্বপূর্ণ অর্জন।
ইউরোপীয় কমিশনের পরিসংখ্যান ও তথ্যবিষয়ক বিভাগ ইউরোস্ট্যাটের তথ্যমতে, ২০১৩ সালেও পর্তুগালে শক্তির মোট চাহিদার অর্ধেকই পূরণ হতো তেল-গ্যাস-কয়লা পুড়িয়ে। বাকি চাহিদার মধ্যে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে ২৭ শতাংশ, জলবিদ্যুৎ থেকে ১৩ শতাংশ, বায়ু থেকে সাড়ে ৭ শতাংশ এবং সৌরশক্তি থেকে ৩ শতাংশ আসত। গত বছর থেকে দেশটিতে জ্বালানি চাহিদা মেটানোর চিত্রে পরিবর্তন আসতে শুরু করেছে বলে জানিয়েছে পর্তুগিজ রিনিউয়েবল এনার্জি অ্যাসোসিয়েশন। তাদের তথ্যমতে, ২০১৫ সালে পর্তুগালের মোট বিদ্যুৎ চাহিদার ২২ শতাংশই পূরণ হয়েছে বায়ুশক্তি কাজে লাগিয়ে।