পরিবার মৃত্যু কামনা করেছিল তাঁর

প্যারিসের উপকণ্ঠে গতকাল বুধবারের পুলিশি অভিযানের মূল লক্ষ্য ছিলেন মরক্কোর বংশোদ্ভূত আবদেলহামিদ আবাউদ (২৭)। প্যারিসে গত শুক্রবারের সন্ত্রাসী হামলার পেছনে মূল পরিকল্পনাকারী হিসেবে ফ্রান্সের গোয়েন্দারা তাঁকে সন্দেহ করছেন। গতকালের অভিযানে তাঁর কী হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আবদেলহামিদ ব্রাসেলসের উপকণ্ঠ মলেনবিকে বেড়ে ওঠেন। চরম বেকারত্ব ও ঘনবসতি এই এলাকাটির একটি বৈশিষ্ট্য। উগ্রপন্থীদের লালনভূমি হিসেবে পরিচিত হয়ে উঠেছে জায়গাটি।
গত শরতে আবাউদের পরিবার জানতে পারে, সিরিয়ায় আইএসের হয়ে লড়াইয়ের সময় আবাউদের মৃত্যু হয়েছে। এ খবরে তাঁর পরিবার খুশিই হয়। সে সময় তাঁর এক বোন বলেছিলেন, ‘আমরা প্রার্থনা করছি, আবদেলহামিদ যেন সত্যিই মারা যায়।’
তবে পরিবারের প্রার্থনা এবং পশ্চিমা নিরাপত্তা কর্মকর্তাদের আশাবাদ শেষতক ফলেনি। আবাউদ বাস্তবে আবার গোপনে ইউরোপে ফিরে এসেছেন।
বেলজিয়াম সরকারের ধারণা, আবাউদ ভারভায়ার্স নামের স্থানীয় একটি সন্ত্রাসী গোষ্ঠীকে সংগঠিত করতে আর্থিক সহায়তা করেন। এ বছরের জানুয়ারি মাসে পুলিশি হানায় এর তৎপরতা ভেস্তে যায়। আইএসের ইংরেজি ভাষায় প্রকাশিত সাময়িকী দাবিকে-তে গত ফেব্রুয়ারি মাসে প্রকাশিত এক সাক্ষাৎকারে আবাউদ বলেন, ‘আরও দুই সঙ্গীসহ আমি বেলজিয়ামে ফিরি। সেখানে ধর্মযোদ্ধাদের (ক্রুসেডার) বিরুদ্ধে লড়াইয়ের জন্য একটি নিরাপদ ঘাঁটি গড়ে তুলি।’
সাক্ষাৎকারে আবাউদ আরও বলেন, ‘আগেও আমি কয়েকবার জেল খেটেছি। তাই গোয়েন্দা সংস্থার লোকজন আমাকে চিনত। একদিন আমাকে এক নিরাপত্তা কর্মকর্তা আটকানও। তিনি হাতে থাকা ছবির সঙ্গে আমাকে মেলানোর চেষ্টা করেন। তবে কোনো মিল খুঁজে না পাওয়ায় তিনি ছেড়ে দেন।’