পর্যটক টানতে 'হালাল' বারবিকিউ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুইজারল্যান্ডের ইন্টারলেকেন শহরের ইয়াওফ্রঁইয়াও হিমবাহ   এলাকার পর্যটন কেন্দ্র
সুইজারল্যান্ডের ইন্টারলেকেন শহরের ইয়াওফ্রঁইয়াও হিমবাহ এলাকার পর্যটন কেন্দ্র

সুইজারল্যান্ডের আল্পস পর্বত ঘেঁষা শহর ইন্টারলেকেন। এখানকার ইয়াওফ্রঁইয়াও হিমবাহের ওপর বানানো হয়েছে রেলস্টেশন। ইউরোপের সবচেয়ে উঁচু স্থানে নির্মিত এই স্টেশনের ঠিক নিচেই রয়েছে এক নয়নাভিরাম অবকাশকেন্দ্র।
বছর কয়েক আগে পর্যন্ত ফ্রান্স অথবা জার্মানির মতো ইউরোপীয় দেশ থেকে দলে দলে পর্যটক আসতেন এই অবকাশকেন্দ্রে। পর্যটকেরা মনের সুখে বরফে আচ্ছাদিত পাহাড়ের গায়ে স্কি করতেন কিংবা বরফের পার্বত্য পথে হাইক (ভ্রমণ) করতেন।
কিন্তু সেই ইউরোপীয় স্কিয়ার ও হাইকারদের বলা যায় একরকম তাড়িয়েই দিয়েছে সুইজারল্যান্ডের মুদ্রা ফ্রাঙ্ক। ডলারের বিপরীতে ফ্রাঙ্ক অস্বাভাবিক তেজি হয়ে ওঠায় মুখ ফিরিয়ে নিয়েছেন ইউরোপীয় পর্যটকেরা। এখানে বেড়াতে এসে এখন আর তাঁদের পোষায় না। গাঁটের পয়সা তাঁরা এখন অন্য কোথাও খরচ করতে চান।
ইউরোপীয়দের সেই জায়গা এখন দখল করে নিয়েছেন প্রাচ্য, মধ্যপ্রাচ্য ও এশিয়া প্যাসিফিক অঞ্চলের পর্যটকেরা। সেখানে এখন চীনা পর্যটকেরা বিশ্বখ্যাত সুইস ব্র্যান্ডের ঘড়ি কিনছেন। আমিরাতের লোকজন লেক থানের স্বচ্ছতোয়া পানির ওপর আয়েশ করে ‘হালাল বারবি কিউ’ পদ্ধতিতে তৈরি খাবারদাবার উপভোগ করছেন। এই জায়গাটি সম্পর্কে রয়টার্সের একটি প্রতিবেদনে বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সুইজারল্যান্ডের নাগরিকদের বাইরে যেসব অঞ্চল থেকে এখানে পর্যটকেরা ভিড় করছেন তার প্রথম সারিতে থাকা চারটি অঞ্চল হলো—চীন, উপসাগরীয় দেশ, দক্ষিণ কোরিয়া ও ভারত।
সুইজারল্যান্ডের পর্যটন বিভাগের পরিচালক স্টেফান ওজ কিছুটা হতাশ গলায় বললেন, ‘ইউরোপীয় দেশগুলো এই তালিকার শীর্ষ পাঁচ থেকে বেরিয়ে গেছে; হয়তো চিরতরেই গেছে।’
মাত্র ছয় হাজার মানুষের আবাসস্থল এই শহরে দুই দশক আগে এশীয় পর্যটকদের আগমন শুরু হয়। আর এখন সেখান থেকেই হরদম পর্যটক আসছেন।
গত বছরের জুলাই থেকে সেপ্টেম্বর ইন্টারলেকেন শহরের হোটেলগুলোতে উপসাগরীয় এলাকার যত পর্যটক উঠেছেন, এ বছর একই সময়ে তার চেয়ে প্রায় অর্ধেক বেশি উঠেছেন। তাঁদের সুবিধার কথা মাথায় রেখে হোটেলে আরবিভাষী কর্মী রাখা হচ্ছে। রাখা হচ্ছে নামাজের ঘর। রক্ষণশীল মুসলমান পর্যটকদের কথা মাথায় রেখে ‘হালাল’ উপায়ে রান্না করা খাবারও পরিবেশন করা হচ্ছে।
সাড়ে তিন হাজার মিটার উঁচু হিমবাহ উপত্যকাকে ‘টপ অব ইউরোপ’ হিসেবে ব্র্যান্ডিং করায় এশীয় দর্শনার্থীদের কাছে এটি অবশ্যদর্শনীয় স্থান হিসেবে ইতিমধ্যেই স্বীকৃতি পেয়ে গেছে। ইয়াওফ্রঁইয়াও হোল্ডিং এ জি কোম্পানি পাহাড়ে চলমান রেলওয়ে রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছে। স্কি টিকিট বিক্রি কমে যাওয়া এবং অল্পসংখ্যক ইউরোপীয় পর্যটক আসা সত্ত্বেও কোম্পানিটি ২০১৫ সালের অর্ধেক সময়ে গত বছরের চেয়ে বেশি আয় করেছে।
এবারের গ্রীষ্মে চীনের পপস্টার জিইএম ৩৪৫৪ মিটার উঁচু ইয়াওফ্রঁইয়াও হিমবাহের ওপর দাঁড়িয়ে সংগীত পরিবেশন করেন। ওই শোর আয়োজক ট্যাগ হিউয়ার আশা করছে, জিইএমর শো চীনের টেলিভিশনে সম্প্রচারিত হওয়ায় সেখানে এই পর্যটনকেন্দ্রের চাহিদা অনেক বেড়ে যাবে।