পর্যটকদের ভিড়ে অতিষ্ঠ ইউরোপ?

রোম এবং ভেনিস থেকে ক্রোয়েশিয়ার মধ্যযুগীয় শহর ডুবরভনিক, স্কটল্যান্ডের বন্য প্রকৃতির সৃষ্টি আইল অব স্কাই—এগুলো হলো ইউরোপে পর্যটকদের পছন্দের জায়গা। কিন্তু এসব এলাকার স্থানীয় অধিবাসীরা এখন পর্যটকদের ভিড়ের কারণে অতিষ্ঠ হয়ে গেছেন। এই তালিকায় সর্বশেষ যুক্ত হয়েছে স্পেনের বার্সেলোনা। কাতালোনিয়া রাজ্যের শহরটির অধিবাসীরা সম্প্রতি পর্যটকদের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন। কিছু প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘এমন গ্রীষ্মকাল আর না আসুক’!
সারা বিশ্বেই দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব রাখতে ইদানীং পর্যটনকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। উন্নত দেশগুলোর পাশাপাশি উন্নয়নশীল দেশগুলোও পর্যটনকে উৎসাহিত করছে। কারণ, এতে করে দ্রুততম সময়ে অর্থনৈতিকভাবে লাভবান হওয়া যায়। একই সঙ্গে আন্তর্জাতিক ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের ভাবমূর্তিও উজ্জ্বল হয়।
বার্সেলোনার অধিবাসীদের অভিযোগ, পর্যটকদের কারণে তাঁদের শহর বসবাসের অনুপযোগী হয়ে পড়ছে। ভেনিস, ডুবরভনিকের অধিবাসীরা বলছেন, পর্যটন এখন অনেকের কাছে দুঃস্বপ্নের সমার্থক হয়ে গেছে। পর্যটনের কারণে যদিও কর্মসংস্থান ও আয় বাড়ছে, তবে এখন পর্যটক কমলেই হাঁফ ছেড়ে বাঁচেন তাঁরা!
বার্সেলোনার স্থানীয় লোকজন বলছেন, পর্যটকদের কারণে সমুদ্রতট ও এর আশপাশের এলাকায় অসামাজিক কার্যকলাপ, যেমন মাতলামি ও অবাধ যৌনতা বেড়ে গেছে। বিশেষ করে জনবহুল স্থানে এসব কাজকর্ম বাড়ছে।
পর্যটকদের বিরুদ্ধে গত সপ্তাহান্তের বিক্ষোভের সময় একটি প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘আমরা আমাদের বাড়িতে পর্যটক চাই না।’ বিক্ষোভকারীদের অভিযোগ, পর্যটকদের কারণে বাড়িভাড়া নিয়ে প্রায়ই হেনস্তা হতে হয় তাঁদের।
শুধু বার্সেলোনায় নয়, স্পেনের অন্যান্য এলাকাতেও এমন বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এসব প্রতিবাদী কর্মসূচি থেকে পর্যটকদের বাসে হামলার ঘটনাও ঘটেছে। অথচ বিশ্বে জনপ্রিয় পর্যটন স্থানের তালিকায় তৃতীয় স্থানে আছে দেশটি।
এসব বিক্ষোভের ঘটনায় বিপাকে পড়েছে স্পেনের সরকার। দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধির ১১ শতাংশ আসে পর্যটন থেকে। চলতি মাসের শুরুর দিকে প্রধানমন্ত্রী মারিয়ানো রাহয় বলেছেন, ‘আমি কখনো ভাবিনি যে স্পেনের পর্যটন খাতকে রক্ষা করতে আমাকে মাঠে নামতে হবে। এটি সত্যিই নজিরবিহীন।’
তবে শুধু স্পেন নয়, সারা বিশ্বেই অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম চালিকাশক্তি হলো পর্যটন। ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশনের (ইউএনডব্লিউটিও) দেওয়া তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী প্রতি ১০টি চাকরির একটি তৈরি করে পর্যটন এবং বৈশ্বিক জিডিপির ১০ শতাংশ আসে এ খাত থেকে। ১৯৯৫ থেকে ২০১৬ সাল—এই বছরগুলোতে আন্তর্জাতিক পর্যটকদের সংখ্যা ৫২ কোটি ৫০ লাখ থেকে বেড়ে ১২০ কোটিতে দাঁড়িয়েছে। বিশেষ করে চীন, ভারত ও উপসাগরীয় দেশগুলোর ট্যুর অপারেটর কোম্পানিগুলোর কম খরচের প্যাকেজ এতে বড় ভূমিকা রাখছে। আর ভিড় বেড়েছে পর্যটন স্থানগুলোতে।
ক্রোয়েশিয়ার ডুবরভনিক বিখ্যাত ক্রুজ জাহাজগুলোর জন্য। জনপ্রিয় টিভি সিরিজ ‘গেম অব থ্রোনসের’ কল্যাণে এখানে পর্যটকদের আগ্রহ আরও বেড়েছে। আবার ১৭ ও ১৮ শতকের অনেক স্থাপত্যও আছে। সেখানে ঢুকতে গিয়ে অনেক সময় ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে পর্যটকদের। ডুবরভনিকের মেয়র মাতো ফ্রাঙ্কোভিচ বলেন, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রচুর ক্যামেরা লাগানো হয়েছে এবং বন্দরে আসা ক্রুজ জাহাজের পরিমাণ কমিয়ে দেওয়া হচ্ছে।
একই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে ভেনিসেও। বছরে ২ কোটি ৪০ লাখ পর্যটক আসে সেখানে। কর্তৃপক্ষ জানিয়েছে, ভেনিসের সেইন্ট মার্ক স্কয়ারে ঘুরতে হলে আগে থেকেই জায়গা সংরক্ষণ করতে হবে। আর যদি পর্যটকেরা পিকনিক করেন বা খালে স্নান করেন, তবে ৫০০ ইউরো জরিমানা দিতে হবে।
অন্যদিকে ইতালির ফ্লোরেন্সে জনবহুল স্থানে পিকনিক নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। এর মূল লক্ষ্য একটাই, যেন পর্যটকেরা কোথাও বসে আসর জমাতে না পারেন!
বর্তমানে যেসব দেশে পর্যটকদের বিরুদ্ধে বিক্ষোভ হচ্ছে, ইউএনডব্লিউটিওর প্রধান তালেব রিফাই সেসব বিক্ষোভকারীর উদ্দেশে বলেছেন, ‘যাঁরা আজকে বলছেন যে আর পর্যটন চান না, দুদিন পর তাঁরাই পর্যটক হারানোর শোকে সবার আগে কাঁদবেন।’
এর জলজ্যান্ত উদাহরণ হচ্ছে তুরস্ক। ২০১৬ সালে সামরিক বাহিনীর চালানো ক্যু ও রাজনৈতিক অস্থিরতার কারণে দেশটিতে পর্যটকের সংখ্যা আশঙ্কাজনক হারে কমে গেছে। দেশটির সামগ্রিক রাজস্ব কমে গেছে ৩০ শতাংশ। এখন মরিয়া হয়ে পর্যটকদের আকৃষ্ট করার চেষ্টা করছে দেশটির কর্তৃপক্ষ।
ভ্রমণবিষয়ক স্কিফট ট্রাভেল ইনফরমেশন ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা রাফাত আলি বলেন, ‘খুব বেশি পর্যটকের সমস্যা থাকা ভালো। অবস্থা খারাপ হবে তখনই, যখন কেউ আসবে না।’
এএফপি অবলম্বনে অর্ণব সান্যাল