পশ্চিম ইউরোপ জুড়ে ঘন কুয়াশা, বহু ফ্লাইট বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যসহ ইউরোপের গোটা পশ্চিমাঞ্চল দ্বিতীয় দিনের মতো গতকাল সোমবারও ছিল ঘন কুয়াশায় ঢাকা। ভারী কুয়াশার কারণে অস্বাভাবিক দৃষ্টিপ্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ায় ওই এলাকায় বহু ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে বিমানযাত্রীরা বেকায়দায় পড়েছেন। কোথাও কোথাও ফেরি চলাচল বন্ধ রয়েছে। এ ছাড়া সড়কপথে গাড়ি চলাচলও সীমিত পর্যায়ে নেমে এসেছে। খবর বিবিসির।
হিথরো বিমানবন্দর কমপক্ষে ৪৫টি ফ্লাইট বাতিল করেছে। গ্রিনিচ মান সময় গতকাল বেলা ১১টা পর্যন্ত লন্ডন শহর কর্তৃপক্ষ সেখানে বিমানের উড্ডয়ন ও অবতরণ বন্ধ রাখে।
এ ছাড়া কুয়াশার কারণে ম্যানচেস্টার, লিডস ব্র্যাডফোর্ড, গ্লাসগো, বেলফাস্ট ও কার্ডিফের বিমানবন্দরগুলোও ফ্লাইট বিপর্যয়ের মুখে পড়েছে। আবহাওয়া অফিস ইংল্যান্ড এবং ওয়েলসে বিশেষ সতর্কতা (ইয়েলো ওয়ার্নিং) জারি করেছে।
আবহাওয়া অফিস বলেছে, লিডস ব্র্যাডফোর্ড, ম্যানচেস্টার ও লুটনের বিমানবন্দরগুলোতে মাত্র ১০০ মিটার দূর পর্যন্ত দৃষ্টিগোচর হচ্ছে। আর স্ট্যানসটেড, হিথরো, গ্যাটউইক ও ডনকাস্টার শেফিল্ডের বিমানবন্দরের দৃষ্টিগ্রাহ্য ১৫০ মিটারের বেশি নয়।
বিমান সংস্থা ইজিজেট বলেছে, তারা বড় ধরনের নেটওয়ার্ক বিঘ্নের মুখে পড়েছে। তাদের বহু ফ্লাইট বিলম্বিত হয়েছে; কিছু বাতিল করতে হয়েছে।
কুয়াশা থেকে কবে নাগাদ মুক্তি মিলবে সে বিষয়ে আবহাওয়া অফিস এখনো সুনির্দিষ্ট করে কিছু বলেনি।