পশ্চিমা নিষেধাজ্ঞাকে যে কারণে ইতিবাচক হিসেবে দেখছেন পুতিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
ফাইল ছবি : রয়টার্স

ইউক্রেনে হামলা চালিয়ে যে পরিমাণ নিষেধাজ্ঞার মুখে রাশিয়া পড়েছে, কোনো দেশের বিরুদ্ধে এ পরিমাণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি এর আগে। তবে এরপরও বিষয়টিকে সুযোগ হিসেবে দেখছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, এই নিষেধাজ্ঞা তাঁর দেশের প্রযুক্তি ও অর্থনৈতিক খাতের উন্নয়নের জন্য একটি সুযোগ।

সিএনএনের খবরে বলা হয়েছে, বেলারুশের প্রসিডেন্ট আলেকসান্দার লুকাশেঙ্কোর সঙ্গে শুক্রবার বৈঠক করেছেন ভ্লাদিমির পুতিন। এই বৈঠক শুরুর আগে দেওয়া ভাষণে তিনি আরও বলেন, ‘সম্প্রতিক বছরগুলোয় যখনই যে খাতে পশ্চিমা বিশ্ব আমাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে, সেই খাতেই আমরা নতুন সক্ষমতা অর্জন করেছি। পুরানোকে ফেলে দিয়ে প্রযুক্তিকে আমরা নতুন পর্যায়ে নিয়ে গেছি।’

পুতিন বলেন, তিনি বিশ্বাস করেন, রাশিয়া ও বেলারুশ কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাবে, সক্ষমতা অর্জন করবে এবং আত্মনির্ভরশীল হওয়ার ক্ষেত্রে আরও সুযোগ পাবে। শেষমেশ এই দুই দেশ সুবিধা পাবে বলে মন্তব্য করেছেন তিনি।

পুতিনের সুরেই কথা বলেছেন লুকাশেঙ্কো। তিনি বলেন, নিষেধাজ্ঞার পরও অর্থনীতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সবকিছু তাঁর দেশের রয়েছে।

বেলারুশের প্রেসিডেন্ট বলেন, ‘আমাদের অর্থনীতি পুনরুদ্ধার করতে হবে। আমাদের অর্থনীতি বিনির্মাণে যা প্রয়োজন, সবই আমাদের রয়েছে। তাদের (পশ্চিমা দেশগুলোর) সাহায্য ছাড়াই আমরা এটা করতে পারব।’