পশ্চিমাদের 'শাস্তি' মানবে না রাশিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরগেই লাভরভ বলেছেন, ‘স্বাধীন পররাষ্ট্রনীতি গ্রহণ করায়’ রাশিয়াকে পশ্চিমারা শাস্তি দেবে, মস্কো তা মেনে নেবে না। মস্কোয় গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে কথা বলেছেন তিনি। এ সময় সিরিয়া ও ইউক্রেন সংকটসহ বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে কথা বলেন লাভরভ। খবর রয়টার্স ও এএফপির।
রয়টার্সের খবরে বলা হয়, সংবাদ সম্মেলনে লাভরভ বলেন, ‘একতরফা ফায়দা লুটতে এখনো বিভিন্নভাবে চেষ্টা চলছে। এমনকি একটি স্বাধীন পররাষ্ট্রনীতি গ্রহণ করার কারণে আমাদের শাস্তি দেওয়ার চেষ্টা চলছে। আমরা ইউরোপ ও যুক্তরাষ্ট্রসহ আমাদের পশ্চিমা অংশীদারদের সঙ্গে সবচেয়ে গঠনমূলক সহযোগিতার জন্য প্রস্তুত।...কিন্তু তা হতে হবে নিতান্তই সমান ও সমঝোতাভিত্তিক সুবিধার ভিত্তিতে। কেউ কারও অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে পারবে না।’
রাশিয়ার সীমান্তগুলোর কাছে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্রবিধ্বংসী ব্যবস্থা মোতায়েন এবং ন্যাটোর তৎপরতা সম্প্রসারণের বিষয়গুলো ‘অস্থিতিশীল ও অদূরদর্শী’ সিদ্ধান্ত বলে মন্তব্য করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। তবে তিনি বলেন, মস্কো-ওয়াশিংটন সম্পর্ক ‘পুনঃস্থাপন’ দেখতে চায় রাশিয়া।
মূলত ২০১৩ সালের শেষের দিকে শুরু হওয়া ইউক্রেন সংকট নিয়েই রাশিয়া ও পাশ্চাত্যের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন শুরু হয়। পাশ্চাত্যপন্থী বিক্ষোভের মুখে ইউক্রেনের তৎকালীন প্রেসিডেন্ট ভিক্তর ইয়ানুকোভিচ ক্ষমতাচ্যুত হন, যার জেরে পরে রাশিয়া দেশটির রুশ ভাষাভাষী অঞ্চল ক্রিমিয়াকে নিজেদের অংশ করে নেওয়ার পাশাপাশি বিভিন্ন এলাকায় রুশপন্থী বিদ্রোহে মদদ দেয় বলে অভিযোগ রয়েছে।
এএফপির খবরে বলা হয়, সিরিয়ায় রাশিয়ার বিমান হামলার পক্ষে সাফাই গেয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘সিরিয়ার নেতৃত্বের অনুরোধে সাড়া দিয়ে রাশিয়ার বিমানবাহিনী যে পদক্ষেপ নিয়েছে, তা সত্যিকার অর্থেই দেশটির পরিস্থিতির মোড় ঘুরিয়ে দিয়েছে। এই পদক্ষেপ সন্ত্রাসীদের নিয়ন্ত্রিত ভূখণ্ড সংকুচিত করতে সাহায্য করেছে।’
সিরিয়া নিয়ে জাতিসংঘ-সমর্থিত আসন্ন শান্তি আলোচনায় কুর্দিদের অন্তর্ভুক্ত করা জরুরি উল্লেখ করে লাভরভ বলেন, কুর্দিদের আমন্ত্রণ জানানো না হলে এই আলোচনা সফল হবে না। তবে কুর্দিদের আমন্ত্রণ না জানানো হলেও রাশিয়া তার ভেটো ক্ষমতা প্রয়োগ করবে না বলে জানান তিনি।
রুশ টেলিভিশন নেটওয়ার্ক রাশিয়া টুডের খবরে বলা হয়, লাভরভ সংবাদ সম্মেলনে বলেছেন, উত্তর কোরিয়ার হাইড্রোজেন বোমা পরীক্ষা চালিয়েছে কি না, তা মস্কো নিশ্চিত নয়। তবে সত্যিই যদি তারা তা করে থাকে, তাহলে বোঝা যাবে, পিয়ংইয়ংয়ের ওপর আরোপিত জাতিসংঘ নিষেধাজ্ঞা কাজ করছে না।