পশ্চিমারা রাশিয়ার সঙ্গে জোট গঠনে প্রস্তুত নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের বিরুদ্ধে রাশিয়ার সঙ্গে এক জোট হয়ে লড়াই করতে পশ্চিমা দেশগুলো ‘প্রস্তুত নয়’ বলে মন্তব্য করেছে ক্রেমলিন। বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের বৈঠকের পর গতকাল শুক্রবার ক্রেমলিনের পক্ষ থেকে এ কথা বলা হয়। খবর এএফপির।
প্রেসিডেন্ট পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ গতকাল সাংবাদিকদের বলেন, ‘দুঃখজনকভাবে আমাদের অংশীদারেরা এই মুহূর্তে একটি জোটের অধীনে একসঙ্গে কাজ করতে প্রস্তুত নয়।’ তবে তিনি বলেন, অংশীদার দেশগুলো যে আদলেই জোট গঠনে আগ্রহী হবে, রাশিয়া তাতে সহযোগিতা দিতে প্রস্তুত।
রয়টার্স জানিয়েছে, ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী লঁরা ফাবিউস গতকাল বলেছেন, আগের দিনের বৈঠকে পুতিন আইএসের বিরুদ্ধে লড়াইরত গ্রুপগুলোর অবস্থানের মানচিত্র করে তা রাশিয়ার কাছে দেওয়ার জন্য ওলাঁদকে অনুরোধ করেছেন। ফাবিউস বলেন, মানচিত্রটি পেলে রাশিয়া ওই সব এলাকা এড়িয়ে বিমান হামলা চালাবে বলে পুতিন কথা দিয়েছেন।
অন্যদিকে গতকাল বিবিসি জানিয়েছে, সিরিয়ায় যুক্তরাজ্যের আইএসবিরোধী অভিযানে অংশ নেওয়ার বিষয়ে লেবার দলের নেতা জেরেমি করবিন নিজস্ব মত অন্য নেতাদের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করলে তাঁদের একটা অংশ পদত্যাগ করে বসতে পারেন। করবিন ওই অভিযানে যুক্তরাজ্যের অংশগ্রহণের বিপক্ষে। লেবার পার্টির পার্লামেন্ট সদস্যদের কাছে লেখা এক চিঠিতে জেরেমি করবিন জানিয়েছেন, প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ব্রিটিশ নাগরিকদের নিরাপত্তা বাড়াতে সিরিয়ায় আইএস জঙ্গিদের ওপর হামলা চালানো উচিত বলে যে মন্তব্য করেছেন, তা তিনি সমর্থন করেন না।
তবে করবিনের এই অবস্থান তাঁর নিজের দলের অনেক নেতাই সমর্থন করছেন না। দলের প্রভাবশালী একটি অংশ প্রধানমন্ত্রী ক্যামেরনের পক্ষে অবস্থান নিয়েছে।