পশ্চিমারা সিরিয়া বিষয়ে দ্বৈতনীতি নিয়েছে: পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অভিযোগ করেছেন, সিরিয়ার বিদ্রোহীদের সহায়তা দিয়ে পশ্চিমা দেশগুলো আসলে দ্বৈতনীতি গ্রহণ করেছে। মস্কোর সিরিয়া অভিযানের বিষয়ে পশ্চিমাদের সমালোচনাকেও উড়িয়ে দিয়েছেন তিনি। খবর আল-জাজিরার।
প্রেসিডেন্ট পুতিন গত বৃহস্পতিবার রাশিয়ার সোচিতে এক রাজনৈতিক সম্মেলনে যোগ দিয়ে সিরিয়া পরিস্থিতি নিয়ে কথা বলেন। রুশ প্রেসিডেন্ট অভিযোগ করে বলেন, পশ্চিমারা কিছু বিদ্রোহী গোষ্ঠীকে সহায়তা দিয়ে মূলত মধ্যপ্রাচ্যে বড় ধরনের এজেন্ডা এগিয়ে নিতে চায়। তিনি বলেন, ‘আমাদের কথার খেলা বন্ধ করতে হবে এবং সন্ত্রাসীদের মধ্যপন্থী বা মধ্যপন্থী নয়, এমন ভাগে ভাগ করা বন্ধ করতে হবে।’
সিরিয়া পরিস্থিতি নিয়ে আলোচনা করতে গতকাল শুক্রবারই রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় বৈঠকে বসার কথা। ওই বৈঠকে আঞ্চলিক শক্তি সৌদি আরব ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীরও যোগ দেওয়ার কথা ছিল।
গত মঙ্গলবার সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের আকস্মিক রাশিয়া সফরের পর ভিয়েনা বৈঠকের উদ্যোগ নেওয়া হয়। ২০১১ সালে সিরিয়া সংকট শুরু হওয়ার পর এটাই ছিল বাশারের প্রথম বিদেশসফর। সিরিয়ার সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র দেশগুলোর একটি রাশিয়া।
এদিকে বার্তা সংস্থা এএফপি জানায়, রাশিয়া গতকাল বলেছে, সিরিয়ায় সহায়তা করা যায়, এমন কোনো মধ্যপন্থী বিদ্রোহী গোষ্ঠীকে এখন পর্যন্ত খুঁজে পায়নি মস্কো। এর আগের দিন প্রেসিডেন্ট পুতিন এক অনুষ্ঠানে বলেন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ তাঁকে (পুতিন) বলেছেন, ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াই করতে চায়, এমন সশস্ত্র বিরোধী গোষ্ঠীগুলোর সঙ্গে আলোচনা করতে তিনি (বাশার) রাজি আছেন।
রাশিয়া বলছে, সিরিয়া অভিযানে মস্কো এ পর্যন্ত ‘সন্ত্রাসীদের’ প্রায় ৫০০ লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।
সিরিয়া ও ইরাকে সক্রিয় ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে অভিযান চালানোর কথা বলে গত ৩০ সেপ্টেম্বর থেকে সিরিয়ায় বিমান হামলা শুরু করে রাশিয়া। যদিও যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশের অভিযোগ, মস্কোর বেশির ভাগ হামলাই হচ্ছে বাশারবিরোধীদের লক্ষ্য করে।