পাইলটের ওপর যাত্রীর আস্থায় চিড় ধরালেন লুবিৎস?

রক্ষক যখন ভক্ষকের ভূমিকায় নামে, তখন পরিণতি হয় খুব মর্মান্তিক। যেমনটা হয়েছে, ফ্রান্সের আল্পস পর্বত মালায় জার্মানির বিমান বিধ্বস্তের ঘটনায়। ব্ল্যাক বক্সের ভয়েস রেকর্ডার থেকে পাওয়া তথ্যের ওপর ভিত্তি করে অভিযোগ করা হচ্ছে, সহকারী পাইলট ২৮ বছর বয়সী অ্যান্ড্রেস লুবিৎস নিজেই বিমানটি বিধ্বস্ত করেছেন। এ কথা শোনার পর স্বভাবতই যাত্রীদের মনে আতঙ্ক তৈরি হয়েছে। পাইলটদের নিয়ে মনে ভীতির সৃষ্টি হচ্ছে। পাইলটের ওপর আস্থা রাখা ঠিক হবে?-প্রশ্ন জাগছে যাত্রীদের মনে।
গত ২৪ মার্চ জার্মানির যাত্রীবাহী একটি বিমান আল্পস পর্বত মালার ফ্রান্স অংশের একটি দুর্গম এলাকায় বিধ্বস্ত হয়। এতে বিমানের ১৫০ আরোহীর সবাই নিহত হন। জার্মানউইংসের এ-৩২০ এয়ারবাসটি স্পেনের উপকূলীয় শহর বার্সেলোনা থেকে জার্মানির ডুসেলডর্ফ শহরে যাচ্ছিল। জার্মানউইংস জার্মানির বিমান সংস্থা লুফথানসার সহযোগী সংস্থা, যারা কম খরচে যাত্রী পরিবহন করে থাকে।
বিধ্বস্ত বিমানটির ব্ল্যাক বাক্স উদ্ধার করার পর একে একে বেরিয়ে আসতে শুরু করে অবিশ্বাস্য সব তথ্য। ককপিট ভয়েস রেকর্ডারের তথ্যের ভিত্তিতে তদন্তকারীরা বলেন, সহকারী পাইলট ইচ্ছা করে বিমানটিকে মাটিতে আছড়ে ফেলেন। পেশাদার পাইলট হিসেবে স্বপ্ন পূরণ করার আগে তরুণ লুবিৎস নিজ শহর পশ্চিম জার্মানির মন্টাবারের একটি উড়োজাহাজ প্রশিক্ষণ ক্লাবের সদস্য হয়ে প্রথম আকাশে উড়েছিলেন। বন্ধু ও প্রতিবেশীদের কাছে তিনি ছিলেন শান্ত কিন্তু মজাদার চারিত্রিক বৈশিষ্ট্যের একজন লোক। পাইলট হওয়ার পর বিমান চালনাকে উপভোগই করছিলেন তিনি। কিন্তু এক অন্ধকার অধ্যায়ের মধ্য দিয়ে এই পাইলটের জীবনের সমাপ্তি হয়।
বিমান বিধ্বস্তের ঘটনায় সহকারী পাইলট যুক্ত-এই অভিযোগের পর লুবিৎসের ব্যক্তিগত জীবনের দিকে মনোযোগ দেন তদন্তকারীরা। ঘটনার দিন তাঁর মানসিক অবস্থা কেমন ছিল, তা জানাই গোয়েন্দাদের মূল লক্ষ্য। একে একে জানা যায়, লুবিৎসের আত্মহত্যার প্রবণতা ছিল। পাইলট হওয়ার বেশ কয়েক বছর আগে আত্মহত্যার প্রবণতার জন্য লুবিৎস চিকিৎসা নিয়েছিলেন বলে নথিপত্রে তথ্য পাওয়া গেছে। লুবিৎস মানসিকভাবে অসুস্থ ছিলেন, তাঁর অসুস্থতার কথা বন্ধু ও সহকর্মীদের কাছ থেকে তিনি লুকিয়ে রেখেছিলেন।
জার্মান পত্রিকা বিল্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে লুবিৎসের সাবেক বান্ধবী মারিয়া ডব্লিউ বলেন, লুবিৎস বলেছিলেন, ‘একদিন সবাই জানবে আমার নাম।’
নিয়ম ভেঙেচুরে দেওয়ার একটা প্রবণতা ছিল লুবিৎসের। তা যে এত ভয়ংকর হবে, তা ভাবতে পারেননি মারিয়া। তিনি জানান, লুবিৎস লুফথানসায় পাইলট বা ক্যাপ্টেন হিসেবে চাকরি করতে চেয়েছিলেন। কিন্তু স্বাস্থ্যগত সমস্যার কারণে তা সম্ভব হয়নি। এ কারণে তিনি অনেকটা হতাশ ছিলেন। লুবিৎসের মানসিক কিছু সমস্যার কারণে বান্ধবীর সঙ্গে বিচ্ছেদ হয়। দুর্ঘটনার দুই দিন আগে নিজের ফেসবুক পাতাটি মুছে দিয়েছিলেন তিনি।
লুবিৎসের সাবেক বান্ধবীর মতো একই কথা জানান লুফথানসার প্রধান নির্বাহী কার্স্টেইন স্পোর। তিনি বলেন, ২০০৮ সালে লুবিৎস বিমানের পাইলট হিসেবে প্রশিক্ষণ নেওয়া শুরু করেন। কিন্তু শারীরিক সমস্যার কারণে তা মাঝপথে বন্ধ হয়ে যায়।
সবই গেল সহকারী পাইলটকে নিয়ে কথা-বার্তা। এবার যাত্রীদের উৎকণ্ঠার দিকে নজর দেওয়া যাক। এই পরিস্থিতিতে যাত্রীরা পাইলটদের নিয়োগের ক্ষেত্রে আরও সতর্ক হওয়ার জন্য বিমান সংস্থাগুলোর প্রতি দাবি জোরালো করতে পারে। এ ছাড়া পাইলট-সহকারী পাইলট, বিমান কর্তৃপক্ষ-যাত্রীদের মধ্যে আস্থা ও বিশ্বাসের সম্পর্ক বাড়ানোরও উদ্যোগ নিতে হবে। অবিশ্বাস যখন বাড়ছে, তখন একটা সমাধান হতে পারে অটোমেটেড বিমান চালনা। কারণ, দীর্ঘ সময় আকাশে বিমান চালানো একটি বিরক্তিকর কাজ। এই কাজটি হয়তো বড়জোর এক ঘণ্টা ভালো লাগবে, এর চেয়ে বেশি নয়। অথচ চালককে দীর্ঘ সময় ধরে বিমান চালাতে হয়। পূর্ণ মনোযোগ ধরে রাখা অনেক ক্ষেত্রেই তাঁর পক্ষে সম্ভব হয় না।
ককপিট ঘিরে নিরাপত্তা আগের যেকোনো সময়ের চেয়ে জোরদার করা হয়েছে। মূলত টুইন টাওয়ারে হামলার পর অবিশ্বাস থেকেই এমনটি করা হয়। এটা সত্য, বিমানের পাইলট হিসেবে যাঁরা কাজ করেন, তাঁরা খুবই ভারসাম্যপূর্ণ জীবনযাপন করেন। যেকোনো পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা তাঁদের অনেক বেশি থাকে, তাঁদের এমন প্রশিক্ষণই দেওয়া হয়। তার পরও চালকের আত্মঘাতী হওয়ার প্রবণতার নজির কম নয়। এমন পরিস্থিতিতে উদ্বিগ্ন যাত্রীকে স্বস্তি দিতে অটোমেটেড বিমান চালনাকেই আপাত সমাধান হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। এ ক্ষেত্রে উদাহরণ হতে পারে বিভিন্ন শহরের অটোমেটেড রেল ব্যবস্থা। লন্ডনের ডকল্যান্ডস লাইট রেলওয়ে ১০ বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে চালকবিহীন হয়ে স্বয়ংক্রিয়ভাবে কাজ করছে।