পারমাণবিক বোমার রেপ্লিকা দেখাবে রাশিয়া
বিশ্বের সবচেয়ে শক্তিশালী পারমাণবিক বোমার একটি প্রতিরূপ বা রেপ্লিকা প্রদর্শনীর আয়োজন করেছে রাশিয়া। দেশটির রাজধানী মস্কোর ক্রেমলিনের কাছাকাছি মানেঝ প্রদর্শনী কেন্দ্রে আগামী মাসে দেখানো হবে সোভিয়েত আমলের ‘জার বোমবা’ রেপ্লিকাটি। খবর বিবিসির।
এএন-৬০২ হাইড্রোজেন বোমার রেপ্লিকাটিই হবে প্রদর্শনীর মূল আকর্ষণ। সেখানে ১৯৪৫ সাল থেকে এ পর্যন্ত রাশিয়ার পারমাণবিক কর্মসূচির সাফল্য তুলে ধরা হবে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রোসাটম আয়োজিত ওই প্রদর্শনী চলবে ১ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত।
সোভিয়েত ইউনিয়ন ১৯৬১ সালে সুমেরু এলাকায় ৫৮-মেগাটন হাইড্রোজেন বোমার পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটায়। বিশেষ নকশায় তৈরি একটি বোমারু বিমান ২৬ দশমিক ৫ টনের বোমাটি সাড়ে দশ কিলোমিটার ওপর থেকে সুমেরুর নোভায়া জেমলিয়া এলাকায় ফেলেছিল। সোভিয়েতের ওই হাইড্রোজেন বোমাটি ছিল জাপানের হিরোশিমায় বিস্ফোরিত মার্কিন পারমাণবিক বোমার চেয়ে প্রায় তিন হাজার গুণ বেশি শক্তিশালী।