পার্টি গার্ল থেকে 'জঙ্গি'

হাসনা আইত বুলাসেন, ২৬ বছর বয়সী এক তরুণী। প্যারিসের সন্ত্রাসী হামলার পর গত বুধবার সন্দেহভাজন জঙ্গিদের ধরতে পুলিশের অভিযানের পর হাসনা আইট বুলাসেনের মৃতদেহ উদ্ধার করা হয়।
এএফপি ও বিবিসির খবরে বলা হয়েছে, হাসনা আইত বুলাসেন প্যারিসের শহরতলিতে গরিব একটি পরিবারে বেড়ে উঠেছেন। তিনি পার্টিতে মজ-মাস্তিতে থাকতে ভালোবাসতেন। তাঁর বন্ধুদের ভাষ্য, হাসনা হাসিখুশি একটি মেয়ে। তবে হাসি-খুশিতে থাকলেও শৈশবে অনেক দুঃখের মধ্যে দিয়ে তাঁকে যেতে হয়েছে। সেই মেয়েটি কীভাবে ‘জঙ্গিদের’ দলে ভিড়ে বোমায় নিজে ‘আত্মঘাতী’ হলেন, সে হিসেব মিলাতে পারছেন না তার বন্ধু-বান্ধব ও পরিচিতজনেরা।
১৯৮৯ সালে হাসনার জন্ম। হাসনা মাথায় বড় ধরনের হ্যাট পরতো বলে অনেকে ‘কাউগার্ল’ বলে ডাকত।
গত শুক্রবার ফ্রান্সের প্যারিসে সন্ত্রাসী হামলায় ১৩২ জন মারা যান। জঙ্গি আইএস এর দায় স্বীকার করেছে। এরপর প্যারিসে গত বুধবার জঙ্গিদের সঙ্গে পুলিশ অভিযান চালায়। সেখানে তীব্র লড়াইয়ে পর হাসনা আইট বুলাসেনের মৃত দেহ উদ্ধার করা হয়। পুলিশের দাবি, তাঁর শরীরে আত্মঘাতী বোমা বাঁধা ছিল। অভিযান চলার সময় একপর্যায়ে সেই বোমা বিস্ফোরণে মারা যান তিনি।
পুলিশের ভাষ্য যদি সত্যি হয়, তবে হাসনাই হবেন পশ্চিম ইউরোপে প্রথম আত্মঘাতী নারী ‘জঙ্গি’। পুলিশ বলছে, প্যারিসের সন্ত্রাসী হামলার সন্দেহভাজন ‘মূল পরিকল্পনাকারী’ আবদেল হামিদ আবাউদের দূর সম্পর্কের বোন এই হাসনা।
প্যারিসের যেখানে হাসনা বেড়ে উঠেছেন, সেখানে তার বন্ধুদের সঙ্গে কথা বলে বিবিসির সাংবাদিক। তিনি জানতে পেরেছেন, বেশ দুঃখ-কষ্টের মধ্যে দিয়ে কেটেছে হাসনার শৈশব। অল্প বয়সে তার মা এবং ভাই-বোনদের ফেলে চলে যায় বাবা। প্যারিসের খুবই গরিব এক এলাকায় একটি ফ্ল্যাটে থাকেন তার মা।
হাসনার সঙ্গে স্কুলে পড়াশোনা করেছেন খেমিসা। তিনি বলেন, ‘হাসনা জীবনকে ভালোবাসত। আমার মনে হয় না আত্মঘাতী বোমারু হওয়ার কোনো ইচ্ছে ওর ছিল। কেউ হয়তো শেষ মুহূর্তে তাঁকে প্রভাবিত করে থাকতে পারে।’ খেমিসা আরও জানান, আমার মনে হয় না ও মানসিকভাবে সুস্থির ছিল। আমার ধারণা ওকে হয়তো মাদক খাওয়ানো হয়েছিল। যদি ও স্বাভাবিক থাকত তাহলে এমন কাজ করত না।
এএফপির খবরে বলা হয়েছে, হাসনা যেখানে থাকেন সেখানকার স্থানীয় এক বাসিন্দাকে বলা হয়েছিল, ‘কোথায় আপনাদের বন্ধু, কোথায় সে?’ উচ্চ চিৎকারে বলা হলো ‘সে আমার বন্ধু নয়।’
নাম না প্রকাশে হাসনার এক ভাই এএফপিকে বলেছে, ‘মাত্র ছয় মাস আগে থেকে হঠাৎ করেই হাসনা ধর্মের দিকে ঝুঁকতে শুরু করেন। সে হিজাব ও নিকাব পরা শুরু করল। হাসনা কিছুটা অস্থির ছিল।’