পার্লামেন্ট ভেঙে নির্বাচনের ঘোষণা ইউক্রেনের প্রেসিডেন্টের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউক্রেনের প্রেসিডেন্ট পেত্রো পোরোশেনকো পার্লামেন্ট ভেঙে দিয়েছেন। শিগগিরই নতুন নির্বাচন হবে বলে ঘোষণা দিয়েছেন তিনি। রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সেনাদের লড়াই যখন চলছে, সে সময় তিনি এ ব্যবস্থা নিলেন।
গতকাল সোমবার রাতে বিবিসির অনলাইনের খবরে জানানো হয়, টেলিভিশনে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট পেত্রো পোরোশেনকো বলেন, বর্তমান পার্লামেন্টের অনেক সদস্য পদচ্যুত সাবেক প্রেসিডেন্ট ভিকতর ইয়ানুকোভিচের সমর্থক এবং ইউক্রেনের অধিকাংশ নাগরিক নতুন পার্লামেন্ট চায়। আগামী ২৬ অক্টোবর নতুন এ নির্বাচন হবে বলে জানান তিনি।
পোরোশেনকো বলেন, তিনি ইউক্রেনের সংবিধান পুরোপুরি অনুসরণ করে কাজ করছেন। সংবিধানে বলা আছে, সরকার গঠনে নতুন জোট ব্যর্থ হলে ৩০ দিনের মধ্যে নতুন করে নির্বাচন দিতে হবে। গত ২৪ জুলাই সরকারের আগের জোট ভেঙে যায়।
সেনাবাহিনী জানিয়েছে, রাশিয়া থেকে নিয়ে আসা বিচ্ছিন্নতাবাদীদের সাঁজোয়া বহরের সঙ্গে তারা অবিরাম যুদ্ধ করে যাচ্ছে। পূর্ব ইউক্রেনের দোনেত্স্ক ও লুহানস্ক অঞ্চলে কয়েক মাস ধরে চলা সেনা ও বিচ্ছিন্নতাবাদীদের সংঘর্ষে দুই হাজারের বেশি লোক প্রাণ হারিয়েছে।