পার্লামেন্টের সামনে পেট্রলবোমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থনীতি পুনরুদ্ধারে (বেইল আউট) দাতাদের অনুমোদিত প্রস্তাব গ্রিসের পার্লামেন্টে পাস করার মেয়াদ ছিল গতকাল বুধবার। সেই প্রস্তাবটি নিয়ে গতকাল দেশটির পার্লামেন্টে ব্যাপক বিতর্ক চলে। এ সময় পার্লামেন্টের বাইরে কয়েকটি পেট্রলবোমা নিক্ষেপ করে ওই চুক্তির বিরোধীরা। খবর এএফপি ও বিবিসির।
ঋণদাতাদের সঙ্গে চুক্তি অনুযায়ী গ্রিসের সরকারকে সেবামূলক অনেক খাতে কৃচ্ছসাধন করতে হবে। কিন্তু দেশটির অনেকেই এর বিরোধী। গতকাল ঋণদাতাদের প্রস্তাব নিয়ে পার্লামেন্টে যখন বিতর্ক চলছিল, তখন বাইরে বিক্ষোভ শুরু করে ১২ হাজারের বেশি মানুষ। তারা পুলিশকে লক্ষ্য করে কয়েকটি পেট্রলবোমা নিক্ষেপ করে। তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছোড়ে দাঙ্গা পুলিশ।
গ্রিসের জন্য ৮ হাজার ৬০০ কোটি ইউরো নতুন ঋণ-সহায়তার প্রস্তাবে ঋণদাতাদের সম্মতি মেলে গত সোমবার। তবে এর জন্য বেশ কিছু সংস্কার করতে হবে দেশটিকে। এ জন্য বিভিন্ন খাতে কর বাড়াতে হবে এবং অবসরের বয়সসীমা বাড়াতে হবে। দাতাদের কঠোর শর্ত মেনে নিয়ে চুক্তিতে সম্মত হওয়া গ্রিসের বামপন্থী প্রধানমন্ত্রী আলেক্সিস সিপ্রাস গত মঙ্গলবার বলেছেন, তিনি চুক্তিটি করলেও এতে তাঁর বিশ্বাস নেই।
পার্লামেন্টে প্রস্তাবটি পাস করা খুব সহজ হবে না বলেই মনে করা হচ্ছিল। সিপ্রাসের নিজের দলের কট্টরপন্থীরাও এর বিরোধিতা করবেন বলে মনে করা হচ্ছে। তবে ইউরোপপন্থী তিনটি প্রধান বিরোধী দল পক্ষে ভোট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। আর সিপ্রাসের জোট সরকারের ছোট সহযোগী ইনডিপেনডেন্ট গ্রিস সীমিত আকারে প্রস্তাবের পক্ষে ভোট দেবে।