পালমিরায় আবার ইতিহাস ধ্বংস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার প্রাচীন শহর পালমিরার সুপরিচিত বিজয়স্তম্ভ গুঁড়িয়ে দিয়েছে ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিরা। দেশটির পুরাতত্ত্ব বিভাগের প্রধান গতকাল সোমবার এ কথা জানিয়েছেন। প্রথম বা দ্বিতীয় শতকে, আদ্যোপান্ত ‘গ্রেকো-রোমান’ ভাস্কর্যের আদলে বানানো হয়েছিল ‘দ্য আর্ক অব ট্রায়াম্ফ’ বা বিজয়-তোরণ। বিজয়স্তম্ভটি দুই হাজার বছর আগে নির্মিত বলে ধারণা করা হয়। খবর এএফপি ও বিবিসির।
‘মরুর মুক্তা’ নামে পরিচিত প্রাচীন ঐতিহ্যবাহী শহর পালমিরা রাজধানী দামেস্ক থেকে ২১০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত। পালমিরার দুর্গ ও ধ্বংসাবশেষ উভয়ই জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় রয়েছে। আইএস দখলে নেওয়ার আগে প্রতিবছর প্রায় দেড় লাখ পর্যটক পালমিরা পরিদর্শন করতেন। সিরিয়ার পুরাতত্ত্ব বিভাগের পরিচালক মামুন আবদুলকরিম পালমিরার আসন্ন বিপর্যয়ের ব্যাপারে সতর্ক করে দিয়েছেন।
আবদুলকরিম এএফপিকে বলেন, ‘এটি ধ্বংসযজ্ঞ। তারা এটিকে পুরোপুরি ধ্বংস করতে চায়।’ আন্তর্জাতিক সম্প্রদায়কে ‘পালমিরা রক্ষার জন্য পথ খোঁজা’র আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘তারা পালমিরার স্তম্ভগুলো ধ্বংস করতে চায়। আমরা এখন পুরো শহরটি নিয়েই শঙ্কিত।’
এদিকে ‘সিরিয়ার জনগণকে জ্ঞান, পরিচয় এবং ইতিহাস থেকে বঞ্চিত’ রাখতে আইএসের প্রচেষ্টা রুখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে ইউনেসকোর মহাপরিচালক ইরিনা বোকোভা বলেছেন, এই ধ্বংসযজ্ঞের মাধ্যমে ‘যুদ্ধাপরাধ’ সংঘটিত হচ্ছে।
সিরিয়ার প্রত্নতাত্ত্বিক সংস্থা এপিএসএ জানিয়েছে, চার বছরের গৃহযুদ্ধে নয় শতাধিক প্রত্নতাত্ত্বিক নিদর্শন ধ্বংস, ক্ষতিগ্রস্ত বা লুটপাটের শিকার হয়েছে।
সিরিয়া ও ইরাকে ঐতিহ্যবাহী স্থাপনাসমৃদ্ধ এলাকা দখলে নেওয়ার পর আইএস জঙ্গিরা পুরাতাত্ত্বিক নিদর্শনগুলো ধ্বংস করে আসছে। গত মে মাসে পালমিরা শহরটি দখলে নেয় আইএস জঙ্গিরা। এরপর থেকেই তারা সেখানকার প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোতে ধ্বংসযজ্ঞ চালিয়ে আসছে। গত আগস্টে তারা পালমিরার প্রাচীন মন্দির বাল শামিন এবং দুই হাজার বছরের প্রাচীন বেল মন্দিরটি ধ্বংস করে।