পালাতে গিয়ে অক্কা পেল সিংহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জার্মানির লাইপজিস চিড়িয়াখানায় দুটি সিংহ তাদের বেষ্টনী টপকে পালানোর সময় একটিকে গুলি করে মেরে ফেলা হয়েছে। কর্তৃপক্ষের ভাষ্য, সিংহ দুটিকে বেষ্টনীর ভেতর ফেরানোর চেষ্টা চলাকালে বাধ্য হয়ে গুলি ছুড়তে হয়।

বিবিসির খবরে জানানো হয়, চিড়িয়াখানা খোলার আগেই গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল সাড়ে আটটার দিকে পুরুষ দুই সিংহ মায়জো ও মতসেগেতসি নিজ বেষ্টনীর বেড়া টপকে পরিখায় চলে আসে। এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

দুই সিংহের মধ্যে একটিকে বশ মানিয়ে আবার সীমানা বেড়ার মধ্যে ঢোকানো হয়। অন্য সিংহটিকে চেতনানাশক দিয়ে অজ্ঞান করার চেষ্টা চালানো হয়। কিন্তু এতে কাজ না হলে পরে ওটাকে গুলি করে চিড়িয়াখানার কর্মীরা।

চিড়িয়াখানার পরিচালক জাক জুনহোল্ড সাংবাদিকদের জানান, তাঁরা নিরাপত্তার বিষয়টিকে বেশি গুরুত্ব দিয়েছেন। তাই সিংহটিকে গুলি করতে বাধ্য হয়েছেন।

গত মাসে দুটি সিংহকে লাইপজিস চিড়িয়াখানায় আনা হয়েছিল। সুইজারল্যান্ডের বাসেল শহর থেকে সিংহ দুটিকে নিয়ে আনা হয়।

সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেওয়া বার্তায় পুলিশ বলছে, সীমানা বেড়া থেকে কিছুটা দূরে প্রথমে সিংহ দুটিকে দেখা যায়। প্রায় ৪০ জন চিড়িয়াখানার কর্মী সিংহ দুটিতে ঘিরে রাখে। তাদের বশে আনতে চেষ্টা চালায়।