পিকাসোর চিত্র নিলামে রেকর্ড দামে বিক্রি

স্পেনের বিখ্যাত শিল্পী পাবলো পিকাসোর একটি চিত্রকর্ম নিলামে প্রায় ১৭ কোটি ৯৪ লাখ মার্কিন ডলারে বিক্রি হয়েছে। নিলামে কোনো শিল্পকর্ম এর চেয়ে বেশি দামে কখনো বিক্রি হয়নি।
নিলাম প্রতিষ্ঠান ক্রিস্টিজের নিউইয়র্ক শাখায় গত সোমবার ওই নিলাম অনুষ্ঠিত হয়। এতে সুইজারল্যান্ডের শিল্পী আলবের্তো জকোমেত্তির তৈরি ব্রোঞ্জমূর্তি ‘ম্যান পয়েন্টিং’ বিক্রি হয়েছে ১৪ কোটি ১২ লাখ ৮৫ হাজার ডলারে। খবর এএফপি ও রয়টার্সের।
রেকর্ড দামে বিক্রি হওয়া পিকাসোর চিত্রকর্মটির নাম ‘উইমেন অব আলজিয়ার্স’। এটি ১৯৫৫ সালে আঁকা তেলচিত্র। ধারণা করা হয়েছিল, নিলামে, এটি দাম উঠতে পারে ১৪ কোটি ডলার। কিন্তু বেশ কয়েকজন প্রতিযোগী আরও বেশি দামে ছবিটি কিনতে চেয়ে টেলিফোন করেন। শেষ পর্যন্ত এটির চূড়ান্ত দাম নির্ধারিত হয় ১৭ কোটি ৯৩ লাখ ৬৫ হাজার ডলার। এতে ক্রিস্টিজের কমিশন রয়েছে ১২ শতাংশের কিছু বেশি। তবে ক্রেতার নাম প্রকাশ করা হয়নি।
নিলামে সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া শিল্পকর্মের তালিকায় এত দিন পর্যন্ত শীর্ষস্থানে ছিল ফ্রান্সিস বেকনের ‘থ্রি স্টাডিজ অব লুসিয়ান ফ্রয়েড’। ক্রিস্টিজ ২০১৩ সালের নভেম্বরে ১৪ কোটি ২৪ লাখ ডলারে বিক্রি করে শিল্পকর্মটি।