পিস্তল উঁচিয়ে গুলি ছুড়ছিলেন ট্রাকচালক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফ্রান্সের নিস শহরে হামলাকারী ট্রাক চালকের মরদেহ কম্বল দিয়ে ঢেকে রাখা হয়েছে। ছবি: রয়টার্স
ফ্রান্সের নিস শহরে হামলাকারী ট্রাক চালকের মরদেহ কম্বল দিয়ে ঢেকে রাখা হয়েছে। ছবি: রয়টার্স

ফ্রান্সের নিসে হামলাকারী ট্রাকের চালক পুলিশের গুলিতে নিহত হওয়ার আগে নিজের পিস্তল উঁচিয়ে বেশ কয়েকবার গুলি ছুড়েছিলেন। আজ শুক্রবার স্থানীয় এক পুলিশ কর্মকর্তা এ কথা জানান। তদন্তসংশ্লিষ্ট একটি সূত্র বলছে, ট্রাকের ভেতর থেকে নিষ্ক্রিয় একটি গ্রেনেড উদ্ধার করা হয়েছে। বেশ কটি নকল রাইফেলও পাওয়া গেছে।

আঞ্চলিক প্রেসিডেন্ট ক্রিশ্চান এসত্রোসি বলেন, পুলিশ গুলি করার আগে হামলাকারীও বেশ কয়েকবার গুলি ছোড়েন।

আঞ্চলিক আইনপ্রণেতা এরিক সিওত্তি বলেন, হামলাস্থলে ভয়ংকর সব দৃশ্য দেখা গেছে। নিহত ব্যক্তিদের মধ্যে অনেক শিশু রয়েছে। হামলার সময় পরিবার-পরিজন নিয়ে অনেকেই অবসর সময় কাটাচ্ছিলেন। তাঁদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়।

গতকাল বৃহস্পতিবার রাতে ফ্রান্সের বাস্তিল দিবসে প্রমনেদ দেস অঁলেতে আতশবাজির প্রদর্শনী উপভোগ করতে শত শত লোক জড়ো হয়েছিলেন। সেখানেই হামলাকারী ট্রাকচালক জনতার ভিড়ের মধ্যে ট্রাক ঢুকিয়ে দেন। এ পর্যন্ত ৮৪ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।