পিয়ানোবাদক পুতিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘লৌহমানব’ হিসেবে জানে সারা বিশ্ব। কখনো ঘোড়সওয়ারের বেশে, কখনোবা আইস হকির খেলোয়াড়ের বেশে, আবার কখনো জুডোয় ব্ল্যাক বেল্টধারী পুতিন সংবাদ শিরোনাম হয়েছেন। তবে চীনে পিয়ানোর সামনে বসা যে পুতিনকে দেখা গেল, সে পুতিনকে কখনোই দেখা যায়নি!
চীনের বেইজিংয়ে গতকাল সোমবার শেষ হয় দেশটির দুই দিনব্যাপী বেল্ট অ্যান্ড রোড ফোরাম সম্মেলন। পুতিনসহ বিশ্বের প্রায় ৩০টি দেশের নেতারা এ সম্মেলনে যোগ দিয়েছিলেন। এই সম্মেলনের প্রথম দিন, গত রোববার এক ফাঁকে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে সাক্ষাৎ করতে যান রাশিয়ার প্রেসিডেন্ট। অপেক্ষার সময়টা পার করতেই পিয়ানোতে হাত রাখেন পুতিন। বেজে ওঠে সোভিয়েত আমলের গানের সুর।
তবে পিয়ানো বাজিয়ে হয়তো খুব একটা আনন্দ পাননি পুতিন। গতকাল সাংবাদিকদের তিনি বলেন, ‘পিয়ানোটা ভালো ছিল না বলে বাজানো কঠিন হয়ে পড়েছিল।’ নিজের বাজানো প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি বলতে পারি না, আমি বাজিয়েছি। নিছকই পিয়ানোর বোতামগুলো স্পর্শ করেছি।’ সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও সম্পর্কে পুতিন বলেন, ‘আমি ভেবেছিলাম, ব্যক্তিগতভাবে সংরক্ষণের জন্য ভিডিওটা ধারণ করা হয়েছিল।’
পুতিনের পিয়ানো বাজানোর এ দৃশ্য সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে। চীনের মাইক্রোব্লগিং ওয়েবসাইট ওয়েইবোতে এক ব্যবহারকারী লিখেছেন, ‘তিনি খারাপ বাজান না।’