পুজেমনদের বিরুদ্ধে বিদ্রোহের মামলা হচ্ছে!

কাতালোনিয়ার স্বাধীনতাকামী নেতা কার্লোস পুজেমন ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনেছেন স্পেনের অ্যাটর্নি জেনারেল হোসে ম্যানুয়েল মাজা। রাষ্ট্রদ্রোহের পাশাপাশি সরকারি কোষাগারের অর্থের অপব্যবহার ও বিদ্রোহের অভিযোগ আনা হয়েছে।
ব্রিটিশ অনলাইন ইনডিপেনডেন্টের খবরে এসব কথা বলা হয়েছে। অ্যাটর্নি জেনারেল বলেছেন, কার্লোস পুজেমন ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে মামলা করার জন্য অভিযোগ এনেছি।
টেলিগ্রাফের প্রতিবেদন বলছে, স্পেনের আইন অনুযায়ী অ্যাটর্নি জেনারেলের এই অভিযোগ বিবেচনার জন্য পাঠানো হবে সংশ্লিষ্ট বিচারকদের কাছে। তাঁদের বিবেচনায় অভিযোগ আমলে নেওয়ার মতো মনে হলে তাঁরা তা আমলে নেবেন। পরে অভিযুক্ত ব্যক্তিদের আত্মপক্ষ সমর্থনের জন্য ডাকা হবে।
দোষী সাব্যস্ত হলে বিদ্রোহের জন্য ৩০, রাষ্ট্রদ্রোহের জন্য ১৫ এবং সরকারি অর্থ অপব্যবহারের জন্য ৬ বছর পর্যন্ত কারাদণ্ড হবে।
গত শুক্রবার কাতালোনিয়ার আঞ্চলিক পার্লামেন্টে ওই অঞ্চলের স্বাধীনতা ঘোষণার সিদ্ধান্ত হয়। এরপর সেখানে প্রত্যক্ষ শাসন জারি করে স্পেনের কেন্দ্রীয় সরকার। কাতালোনিয়ার সায়ত্তশাসন বাতিল ও আঞ্চলিক পার্লামেন্ট ভেঙে দেওয়া হয়।