ইউক্রেনের প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো গতকাল বুধবার বলেছেন, দেশটির পূর্বাঞ্চলে ‘স্থায়ী যুদ্ধবিরতির’ বিষয়ে তিনি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একমত হয়েছেন।
রাশিয়া কিছুটা ভিন্নমত প্রকাশ করে বলেছে, তারা যুদ্ধবিরতিকে সমর্থন করে। তবে যুদ্ধবিরতির জন্য কোনো ধরনের চুক্তিতে তারা নেই। কারণ, ইউক্রেনের পূর্বাঞ্চলে চলমান দ্বন্দ্বে মস্কো জড়িত নয়। খবর এএফপি, বিবিসি ও রয়টার্সের।
ইউক্রেনের প্রেসিডেন্টের দপ্তর থেকে গতকাল জানানো হয়, পোরোশেঙ্কোর সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের টেলিফোন আলোচনার পর যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হয়। পোরোশেঙ্কোর দপ্তর থেকে আরও জানানো হয়, টেলিফোন আলোচনায় দুই প্রেসিডেন্ট সমঝোতায় পৌঁছেছেন। এটি ইউক্রেনের পূর্বাঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় সহায়ক হবে।
সমঝোতার বক্তব্য নিয়ে ভিন্নমত প্রকাশ করলেও পোরোশেঙ্কোর সঙ্গে পুতিনের টেলিফোনে আলোচনা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে মস্কো। প্রেসিডেন্ট পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, দুই নেতার মধ্যে আলোচনা হয়েছে, যা যুদ্ধবিরতি এনে দিয়েছে। কিন্তু এখানে রাশিয়ার যুদ্ধবিরতিতে রাজি হওয়া বা না হওয়ার প্রশ্ন নেই। কারণ ইউক্রেনের পূর্বাঞ্চলে চলমান লড়াইয়ে মস্কো কোনো পক্ষ নয়।
ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশপন্থী বিদ্রোহীদের সঙ্গে সরকারি বাহিনীর প্রায় চার মাস লড়াইয়ের পর গতকাল যুদ্ধবিরতির এ ঘোষণা এল। এই লড়াইয়ে দুই হাজার ৬০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। একই সঙ্গে মস্কোর সঙ্গে ইউক্রেনের পশ্চিমা মিত্রদের মধ্যে সম্পর্ক স্নায়ুযুদ্ধ পরবর্তী সময়ে সবচেয়ে নাজুক পর্যায়ে পৌঁছেছে। রাশিয়া এই বিদ্রোহীদের অস্ত্রসহ সবকিছু দিয়ে সহায়তা দিচ্ছে বলে অভিযোগ রয়েছে। তবে মস্কো বলছে, ওই অঞ্চলের সাধারণ মানুষ নিজেদের অধিকার প্রতিষ্ঠায় লড়াই করছে।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সাবেক সোভিয়েত রাষ্ট্র এস্তোনিয়ায় পৌঁছার ঠিক আগ মুহূর্তে এই যুদ্ধবিরতির ঘোষণা আসে। সামরিক জোট ন্যাটোর নতুন সদস্য এস্তোনিয়া রাশিয়ার সাম্প্রতিক ‘আগ্রাসী নীতি’ থেকে সুরক্ষা পেতে পশ্চিমাদের সহায়তা চেয়েছে। এর পরিপ্রেক্ষিতে ন্যাটো এস্তোনিয়ায় মোতায়েনের জন্য চার হাজার সদস্যের বাহিনী গঠন করতে যাচ্ছে।