পুতিন কী চান সিরিয়ায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: এএফপি
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: এএফপি

গৃহযুদ্ধপীড়িত সিরিয়ায় শেষমেশ প্রকাশ্যে সরাসরি যুদ্ধে জড়িয়েছে রাশিয়া। সিরিয়ায় ইসলামিক স্টেট-আইএস জঙ্গিদের দমনের কথা বলে বিমান হামলা শুরু করেছে রুশ বাহিনী। মস্কোর এই পদক্ষেপ নিয়ে সংশয়ে প্রতিপক্ষ ও সমালোচকেরা। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উদ্দেশ্য নিয়েও তোলা হচ্ছে প্রশ্ন।
বিদেশে সামরিক শক্তিপ্রয়োগের বিষয়ে পার্লামেন্টের অনুমোদন পাওয়ার পর গত বুধবার সিরিয়ায় আইএসের অবস্থানে প্রথম বিমান হামলা চালায় রাশিয়া।
পুতিনের ভাষ্য, আইএসের আক্রমণ ঠেকানোই এই হামলার লক্ষ্য। রাশিয়ায় আঘাত হানার আগেই জঙ্গিদের ধ্বংস করতে চান তিনি।
রুশ প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিন থেকে বলা হয়েছে, কয়েক হাজার রুশ নাগরিক আইএসে ভিড়েছে। তাদের রাশিয়ায় ফিরে আসাটা হুমকিস্বরূপ। তাই আইএসের ওপর হামলা চালানো হচ্ছে।
সিরিয়ায় মস্কোর ভূমিকা নিয়ে আগে থেকে রুশবিরোধীরা সরব। যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা সিরীয় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে এককাট্টা। বাশারের পতনই তাদের কাম্য। অন্যদিকে রাশিয়া বাশারের পক্ষে। এই বিপরীতমুখী অবস্থান নিয়ে একটা টানাপোড়েন রয়েছে।
রাশিয়া তার মিত্র সিরিয়ায় নতুন সামরিক অস্ত্র-সরঞ্জাম পাঠায়। পাঠায় সামরিক বিশেষজ্ঞ। এর পরিপ্রেক্ষিতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পক্ষ থেকে বলা হয়, বাশার সরকারের পতন ঠেকাতেই দেশটিতে সামরিক সহযোগিতা বাড়িয়ে দিয়েছে রাশিয়া।
সবশেষ গত বুধবার সিরিয়ায় কথিত জঙ্গি অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালানো শুরু করে রাশিয়া। এতে বেসামরিক মানুষ নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এই খবরকে মস্কোর বিরুদ্ধে ‘তথ্যের আক্রমণ’ বলে অভিহিত করেছেন রুশ প্রেসিডেন্ট পুতিন।
যুক্তরাষ্ট্র বলছে, সিরিয়ায় রুশ হামলাগুলো আইএসের অবস্থান লক্ষ্য করে চালানো হয়নি বলে গুঞ্জন রয়েছে।
একই সুর ন্যাটো ও বাশারের স্থানীয় বিরোধীপক্ষের। তাদের ভাষ্য, বাশারবিরোধী পশ্চিমা দেশ-সমর্থিত বিদ্রোহী গোষ্ঠীগুলোর অবস্থান লক্ষ্য করে হামলা চালাচ্ছে রাশিয়া। আইএস দমন নয়, বরং বাশারকে রক্ষা করাই এই হামলার লক্ষ্য।
সিরিয়ায় পুতিনের উদ্দেশ্য বিশ্লেষণের চেষ্টা করেছেন বিবিসির প্রতিরক্ষা ও কূটনৈতিক সংবাদদাতা জনাথন মারকাস। তাঁর মতে, সিরিয়ায় পুতিন যা করছেন, তার পেছনে তাঁর বিস্তৃত কূটনৈতিক লক্ষ্য অর্জনের ইচ্ছা থাকতে পারে।
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ওবামার সঙ্গে বৈঠকের পর পুতিন সাংবাদিকদের জানান, সিরিয়ায় আইএসবিরোধী হামলায় যোগ দিচ্ছে রাশিয়া। এ ছাড়া জাতিসংঘে দেওয়া ভাষণে পুতিন আইএস দমনে একটি ‘বৃহৎ জোট’ গঠনের প্রস্তাব দেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের বিরুদ্ধে গঠিত জোটের সঙ্গে নতুন সম্ভাব্য জোটের তুলনা করেন তিনি।
সিরিয়ায় বিমান হামলা চালানোর মধ্য দিয়ে বিশ্বকে নিজের কথার বাস্তবায়ন করে দেখালেন পুতিন।
এর আগে মস্কো দেখিয়েছে, তারা ওই অঞ্চলের একটি অপরিহার্য কৌশলগত খেলোয়াড়। এবার নিজেদের সামরিক ক্ষমতা দেখাচ্ছে রাশিয়া। সিরিয়ায় পুতিনের এই জুয়ায় ঝুঁকি যেমন আছে, তেমনি আছে সুবিধাও। লাভ-ক্ষতির হিসাব কষছেন পুতিন।