পুতিনকে হুঁশিয়ারি আইএসের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিল ইরাকভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। সম্প্রতি প্রকাশিত এক ভিডিওবার্তায় লৌহমানব হিসেবে পরিচিত বিশ্বের অন্যতম শক্তিধর নেতা পুতিনকে সতর্ক করে দিয়েছে আইএস। খবর ওয়াশিংটন পোস্টের৷
আইএসের প্রকাশ করা ভিডিওচিত্রটিতে একজন যোদ্ধা আরবিতে বলেন, ‘হে ভ্লাদিমির পুতিন, এই বার্তা আপনার জন্য। জঙ্গি বিমানগুলো আপনি প্রেসিডেন্ট বাশারকে পাঠিয়েছিলেন। আর এখন আমরা সেগুলো পাঠাব আপনার কাছে।’
ভিডিওতে আইএস যোদ্ধাদের নিয়ন্ত্রণে থাকা একটি রুশ জঙ্গি বিমানসহ কিছু সামরিক যান দেখা যায়। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে এসব সামরিক সরঞ্জাম পাঠিয়েছিলেন পুতিন। বাশারের অনুগত সেনাদের কাছ থেকে সেগুলো নিজেদের কবজায় নিয়েছে আইএস যোদ্ধারা।
ভিডিওবার্তায় আইএসের ওই যোদ্ধা আরও বলেন, ‘ইনশা আল্লাহ, আমরা চেচনিয়া তথা পুরো ককেশাস অঞ্চল স্বাধীন করব। সেখানে ইসলামি খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠা করব।’
রুশ প্রেসিডেন্ট পুতিনের উদ্দেশে ওই যোদ্ধা বলেন, ‘আপনার সিংহাসন এরই মধ্যে টলমল করছে। হুমকিতে রয়েছে। আমরা যখন আসব, তখন এর পতন ঘটবে।’
রাশিয়া সিরিয়ার প্রেসিডেন্ট বাশারের পুরোনো মিত্র। মূলত রাশিয়ার কাছ থেকেই সামরিক অস্ত্র-সরঞ্জাম সংগ্রহ করেন বাশার।
ইসলামি জঙ্গিদের চেচনিয়াসহ ককেশাস অঞ্চলের কথা তোলা নতুন কিছু নয়। রাশিয়ার চেচনিয়া প্রজাতন্ত্রে প্রায় এক দশক ধরে সংঘাত চলছে। যদিও সম্প্রতি চেচেন মুসলিম বিদ্রোহীরা কোণঠাসা হয়ে রয়েছে। উত্তর ককেশাসের আরও কিছু মুসলিম-অধ্যুষিত অঞ্চলে রুশ শাসনের বিরুদ্ধে লড়াই চলছে।
বার্তা সংস্থা এএফপির এক খবরে বলা হয়েছে, ভিডিওবার্তায় আইএসের আরেক যোদ্ধা রুশ ভাষায় বক্তব্য দেন।
ধারণা করা হচ্ছে, ইরাক ও সিরিয়ায় ত্রাসের রাজত্ব সৃষ্টিকারী সংগঠন আইএসের পক্ষে অন্তত ২০০ চেচেন যোদ্ধা লড়াই করছেন। তাঁদের কমান্ডারদের একজন হলেন ওমর আল-সিস্তানি বা ‘ওমর দ্য চেচেন’। ইরাকে ও সিরিয়ায় আইএসের পক্ষে লড়াইরত অন্য বিদেশি যোদ্ধাদের মতো তিনি মোটেও ক্যামেরার সামনে দাঁড়ানোর সময় মুখোশ পরতে চান না।
বিশ্লেষকেরা বলছেন, আইএসের এই ভিডিওচিত্রটিকে আপাতত ফাঁপা হুংকার মনে হতে পারে। কিন্তু এর মধ্য দিয়ে জঙ্গি সংগঠনটির লড়াইয়ের বহুমাত্রিকতার চিত্র পাওয়া যায়। বিচ্ছিন্নতাবাদী জঙ্গিরা খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্দেশ্যে এক ছাতার নিচে জড়ো হচ্ছে।
সিরিয়া ও ইরাকের পর এবার দক্ষিণ এশিয়ায় ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর ও পাকিস্তানের পেশোয়ারসহ কিছু কিছু এলাকায় আইএসের পতাকা উত্তোলন ও প্রচারপত্র বিতরণের প্রমাণ মিলেছে। এসব এলাকা থেকে লোকবল সংগ্রহের চেষ্টা করছে আইএস। তালেবান ও আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়েদার ওপরও সংগঠনটি প্রভাব বিস্তার করে চলেছে।
পাকিস্তানের জঙ্গি সংগঠন জামায়াত-উল আহরার এরই মধ্যে আইএস যোদ্ধাদের সমর্থন দিয়েছে। রয়টার্স জানায়, সংগঠনটির নেতা এহসানুল্লাহ এহসান টেলিফোনে তাদের বলেছেন, ‘আমরা তাদের (আইএস) শ্রদ্ধা করি। তারা যদি আমাদের সহযোগিতা চায়, আমরা তা বিবেচনা করব।’
স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, কয়েক সপ্তাহ ধরে আফগান-পাকিস্তান সীমান্তের পেশোয়ার শহরে আইএসের পক্ষ থেকে প্রচারপত্র বিলি করা হচ্ছে। গোয়েন্দা ও পুলিশ সূত্রের বরাত দিয়ে জানানো হয়, কাশ্মীরের রাজধানী শ্রীনগরে গত ২৭ জুন প্রথমবারের মতো প্রকাশ্যে আইএসের পতাকা তুলতে দেখা গেছে।