পুতিনবিরোধী থাকল কে আর?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলেক্সি নাভালনি, পুতিনবিরোধীদের প্রধান আশা l ছবি: এএফপি
আলেক্সি নাভালনি, পুতিনবিরোধীদের প্রধান আশা l ছবি: এএফপি

তিন বছর আগেও রাশিয়ায় ক্রেমলিনের বিরোধী প্রাজ্ঞ এবং জাদুকরি ক্ষমতাসম্পন্ন বেশ কয়েকজন নেতা ছিলেন। কিন্তু হয়রানি, কারাদণ্ড, নির্বাসন এবং মৃত্যু থামিয়ে দিয়েছে প্রায় সব প্রতিবাদ। গত শুক্রবার উদারপন্থী নেতা বরিস নেমৎসভের হত্যার মধ্য দিয়ে দেশটির উল্লেখযোগ্য উদারপন্থী বিরোধীদের শেষ কণ্ঠস্বরও থেমে গেল।
২০১১ সালের শেষের দিকে রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনের অল্প সময়ের মধ্যেই রাজপথে প্রতিবাদের মাত্রা বাড়তে থাকে। মস্কোতে বড় ধরনের সরকারবিরোধী সমাবেশ হতে থাকে। তবে ২০১২ সালে প্রেসিডেন্ট নির্বাচনে জিতে ভ্লাদিমির পুতিন আবার ক্ষমতায় অধিষ্ঠিত হলে বিরোধীদের ওই প্রতিবাদ ধূলিসাৎ হয়ে যায়। পুতিনের ক্ষমতা নেওয়ার এক দিন আগে তীব্র প্রতিবাদ সমাবেশ সহিংসতায় রূপ নেয়। খুবই ছোট অপরাধের কারণেও অনেক প্রতিবাদকারীকে বিচারের সম্মুখীন হতে হয়। এর মধ্য দিয়ে কোনো ধরনের পরিবর্তন সহ্য করা হবে না—এমন আভাস দেয় পুতিন সরকার। তার পর থেকেই সরকারবিরোধীদের তৎপরতা ম্লান হয়ে যেতে থাকে।
রাশিয়ার পার্লামেন্টে বর্তমানে নেতৃত্ব দিচ্ছে পুতিনপন্থী ইউনাইটেড রাশিয়া পার্টি। আর রয়েছে নামেমাত্র তিনটি বিরোধী দল: জাস্ট রাশিয়া, লিবারেল ডেমোক্র্যাটস ও কমিউনিস্ট পার্টি। এই তিনটি দলের টেলিভিশনে সময় বরাদ্দ থাকলেও আর বিশেষ করে কমিউনিস্টদের ক্ষেত্রে সত্যিকারের সমর্থকগোষ্ঠী থাকলেও তাদের ক্রেমলিনের ব্যবস্থাপনাধীন ‘পরিকল্পিত বিরোধী’ দল বলে বর্ণনা করাটাই সংগত। এর বাইরের ‘অপরিকল্পিত’ বিরোধীদের মধ্যে খুব অল্পসংখ্যক নেতারই জাতীয় পরিচিতি রয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনে তাঁদের মতপ্রকাশ নিয়ন্ত্রিত। হয়রানিতে ক্লান্ত এসব নেতার অনেককে জেলে ঢোকানো হয়েছে বা নির্বাসিত করা হয়েছে।
হয়রানি-নির্যাতনের শিকার হওয়া রাশিয়ার বিরোধী নেতারা:
মিখাইল খোদরকভস্কি: একসময়ের রাশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি মিখাইল খোদরকভস্কি রাজনৈতিক দলগুলোকে তহবিল দেওয়া শুরু করার পর এক মামলায় তাঁকে ২০০৩ সালে কারাগারে পাঠানো হয়। মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেই ব্যাপকভাবে মনে করা হয়। এক দশক পর ২০১৩ সালের ডিসেম্বরে পুতিনের সাধারণ ক্ষমায় তিনি মুক্ত হন। পরে বার্লিনে পালিয়ে যান। খোদরকভস্কি বর্তমানে জুরিখে আছেন।
গ্যারি কাসপারভ: সাবেক বিশ্ব দাবা চ্যাম্পিয়ন কাসপারভ একসময় পুতিনের সমালোচক হিসেবে আবির্ভূত হন। কয়েক বছর ধরে বিরোধী দলের কর্মসূচিতে যোগ দিয়ে আসছিলেন তিনি। এ কারণে প্রায়ই পুলিশ তাঁকে আটক করত। নাভালনি এবং বিরোধী দলের অন্য কর্মীদের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ তোলার পর ২০১৩ সালে জেনেভায় থাকা কাসপারভ আর রাশিয়ায় না ফেরার সিদ্ধান্ত জানান।
আলেক্সি নাভালনি: ব্লগার ও আইনজীবী নাভালনি পুতিনের অনুগত অভিজাত শ্রেণির দুর্নীতির তদন্ত করে ব্যাপক জনপ্রিয়তা পান। ২০১১ সালের শেষের দিকে রাজপথে আন্দোলনে অংশ নেন। তখন তাঁকে পুতিনবিরোধীদের প্রধান আশা হিসেবে দেখা হতো। এর পর থেকে নানাভাবে হয়রানির শিকার হতে থাকেন। গত বছরের শেষের দিকে প্রতারণার মামলায় তাঁর স্থগিত দণ্ডাদেশ হয়।
সের্গেই উদালৎসভ: বেশ কয়েক বছর ধরে বিরোধী দলের আন্দোলনের পরিচিত মুখ। ৩৮ বছর বয়সী কট্টর সংস্কারবাদী বামপন্থী উদালৎসভকে এক সমাবেশে ‘বিশৃঙ্খলা করার’ দায়ে সাড়ে চার বছরের কারাদণ্ড দেওয়া হয়।
সূত্র: গার্ডিয়ান