পুতিনবিরোধী নেমৎসভ খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মস্কোর সেন্ট বাসিল’স ক্যাথিড্রালের কাছে নেমৎসভের হত্যার জায়গাটিতে গতকাল ফুল দিয়ে শ্রদ্ধা জানান তাঁর সমর্থকেরা l ছবি: এএফপি
মস্কোর সেন্ট বাসিল’স ক্যাথিড্রালের কাছে নেমৎসভের হত্যার জায়গাটিতে গতকাল ফুল দিয়ে শ্রদ্ধা জানান তাঁর সমর্থকেরা l ছবি: এএফপি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কঠোর সমালোচক সাবেক উপপ্রধানমন্ত্রী বরিস নেমৎসভ (৫৫) আততায়ীর হাতে খুন হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার দিবাগত রাতে তাঁকে মস্কোর রাজপথে গুলি করে হত্যা করা হয়। যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইউরোপের শীর্ষস্থানীয় নেতারা এ ঘটনার তীব্র নিন্দা করেছেন। খবর এএফপি, বিবিসি ও রয়টার্সের।
ইউক্রেনে রাশিয়ার বিতর্কিত ভূমিকার বিরুদ্ধে মস্কোতে আজ রোববারের এক প্রতিবাদ কর্মসূচিতে সমর্থন জানানোর কয়েক ঘণ্টার মধ্যে খুন হন উদারপন্থী নেতা নেমৎসভ। পুলিশ জানিয়েছে, রাত সাড়ে ১১টার দিকে রুশ প্রেসিডেন্টের সরকারি বাসভবন ক্রেমলিনের খুব কাছেই হেঁটে একটি সেতু পার হওয়ার সময় গাড়িতে থাকা আততায়ীরা পেছন থেকে গুলি করে নেমৎসভকে হত্যা করে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নেমৎসভ আশঙ্কা প্রকাশ করে বলেছিলেন, ইউক্রেনের সংঘাতে রাশিয়ার ভূমিকার বিরোধিতার কারণে প্রেসিডেন্ট পুতিন তাঁকে হত্যা করতে পারেন। পুতিনের দেড় দশকের শাসনকালে তিনিই খুন হওয়া সবচেয়ে বড়মাপের নেতা। পুলিশের একটি সূত্র সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্সকে জানায়, নেমৎসভ বলশয় মস্কভোরেৎস্কি সেতু পার হওয়ার সময় একটি গাড়ি থেকে তাঁকে পিস্তল দিয়ে গুলি করে আততায়ীরা দ্রুত সরে পড়ে।

বরিস নেমৎসভ
বরিস নেমৎসভ

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিন্দা করে বলেছেন, ভাড়াটে খুনিরা এ কাজ করেছে। তিনি খুনিদের বিচারের আওতায় আনারও অঙ্গীকার করেন।
হত্যার স্থান নির্বাচন ও বিভিন্ন আলামতের কথা উল্লেখ করে গতকাল শনিবার তদন্তকারীরা বলেন, বরিস নেমৎসভকে নিখুঁতভাবে পরিকল্পনা করে হত্যা করা হয়েছে। তাঁরা বলেছেন, হত্যায় মাকারভ পিস্তল ব্যবহার করা হয়েছে, যা রাশিয়ার পুলিশ এবং সামরিক বাহিনী ব্যবহার করে থাকে।

২০০৩ সালে রাশিয়ার পার্লামেন্ট ত্যাগ করার পর নেমৎসভ বেশ কয়েকটি সংগঠন প্রতিষ্ঠা করেন। ২০১২ সাল থেকে তিনি বিরোধী দল রিপাবলিকান পার্টি অব রাশিয়া-পিপলস ফ্রিডম পার্টির সহসভাপতি ছিলেন। এ ছাড়া সলিদারনোস্ত নামে উদার গণতান্ত্রিক রাজনৈতিক আন্দোলনেরও শীর্ষস্থানীয় সদস্য ছিলেন তিনি। ২০১১ সাল থেকে নেমৎসভ রাজনৈতিক অঙ্গনে পাদপ্রদীপের আলোর কিছুটা বাইরে চলে যান। তার পরও তাঁর হত্যাকাণ্ড দেশজুড়ে চাঞ্চল্য সৃষ্টি করেছে।
আন্তর্জাতিক নিন্দা: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এই নৃশংস হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে রাশিয়া সরকারের প্রতি ঘটনাটির ‘দ্রুত, নিরপেক্ষ এবং স্বচ্ছ’ তদন্তের আহ্বান জানিয়েছেন। ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ গতকাল এক বিবৃতিতে নেমৎসভ ‘গণতন্ত্রের রক্ষক’ ছিলেন উল্লেখ করে এ ঘটনার নিন্দা করেন। নিন্দা জানিয়েছেন জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলও। ইইউ আলাদাভাবে এর নিন্দা করেছে।
বরিস নেমৎসভকে ‘ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে সেতু’ বলে বর্ণনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো। ফেসবুক পেজে এক বিবৃতিতে তিনি বলেন, ‘হত্যাকারীর গুলি এটা ধ্বংস করে দিয়েছে। আমার ধারণা, এটা কোনো দুর্ঘটনা নয়।’
সরকার থেকে বিরোধী দলে: নেমৎসভ ১৯৯০-এর দশকে তখনকার প্রেসিডেন্ট বরিস ইয়েলৎসিনের অধীনে প্রথম উপপ্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। রাশিয়ার অন্যতম বড় শহর নিঝনি নভগোরোদের গভর্নর থাকার সময় অর্থনৈতিক সংস্কারক হিসেবে সুনাম অর্জন করেন তিনি। ইয়েলৎসিনের উত্তরসূরি পুতিনের আনুকূল্য থেকে দূরে সরে যাওয়ার পর নেমৎসভ স্পষ্টবাদী বিরোধী রাজনৈতিক নেতা হিসেবে আবির্ভূত হন।
একাধিক হুমকি: নেমৎসভের আইনজীবী জানিয়েছিলেন, সাম্প্রতিক মাসগুলোতে সামাজিক গণমাধ্যমে তাঁকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। সর্বশেষ টুইটবার্তায় নেমৎসভ তাঁর আজ রোববারের যুদ্ধবিরোধী সমাবেশে রাশিয়ার বিভক্ত বিরোধী দলগুলোকে একত্র হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘আপনারা যদি ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ বন্ধ করার পক্ষে থাকেন, যদি পুতিনের আগ্রাসন বন্ধ করতে চান, তবে ১ মার্চের সমাবেশে আসুন।’ হত্যাকাণ্ডের তিন ঘণ্টা আগেও একটি জনপ্রিয় রেডিও স্টেশনে এক সাক্ষাৎকারে ইউক্রেনে পুতিনের ভূমিকার সমালোচনা করেন নেমৎসভ। শ্রোতাদের রোববারের সমাবেশে যোগ দেওয়ার আহ্বানও জানান তিনি।
অস্বাভাবিক মৃত্যু হওয়া পুতিনবিরোধীরা
এপ্রিল ২০০৩: উদারপন্থী রাজনৈতিক সের্গেই ইউশেনকভ বাড়ির কাছে খুন হন
জুলাই ২০০৩: অনুসন্ধানী সাংবাদিক ইউরি শেকোচিখিন ১৬ দিনের রহস্যময় অসুস্থতার পর মারা যান
জুলাই ২০০৪: সাময়িকী ফোর্বস-এর রাশিয়া সংস্করণের সম্পাদক পল ক্লেবনিকভকে গাড়ি থেকে গুলি করা হয়। হাসপাতালে তিনি মারা যান
অক্টোবর ২০০৬: অনুসন্ধানী সাংবাদিক আনা পলিতকভস্কায়া তাঁর মস্কোর ফ্ল্যাটের বাইরে গুলিতে নিহত হন।
নভেম্বর ২০০৬: লন্ডনের হোটেলে রাশিয়ার সাবেক গুপ্তচর আলেক্সজান্ডার লিতভিনেনকো তেজস্ক্রিয় পদার্থ মেশানো চা খেয়ে তিন সপ্তাহ পর মারা যান।
মার্চ ২০১৩: পুতিনের সমালোচক হিসেবে পরিচিত বরিস বেরেজোভস্কিকে যুক্তরাজ্যের বাড়িতে মৃত পাওয়া যায়।