পুতিনবিরোধী নাভালনি পেলেন শাখারভ পুরস্কার
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ক্ষমতা দখল করে রাখার প্রচেষ্টাকে চ্যালেঞ্জ করে সাহসিকতা দেখানোয় পুরস্কৃত হয়েছেন অ্যালেস্কি নাভালনি। গতকাল বুধবার ইউরোপিয়ান পার্লামেন্টের মর্যাদাপূর্ণ শাখারভ মানবাধিকার পুরস্কার পান রাশিয়ার বিরোধীদলীয় নেতা ও পুতিন সরকারের কঠোর সমালোচক নাভালনি।
ইউরোপিয়ান পার্লামেন্টের সবচেয়ে বড় গ্রুপ, ইপিপি গ্রুপ টুইটারে পুরস্কারটি ঘোষণা করে।
নাভালনি এ পুরস্কারকে তাঁর জন্য ‘সম্মান’এর বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘এটি শুধু সম্মানেরই নয়, এটি এক বিরাট দায়িত্বও।’ নাভালনির দলের পক্ষ থেকে পরিচালিত এক টুইটারে তাঁর এ প্রতিক্রিয়া জানানো হয় বলে এএফপির খবরে বলা হয়।
পুতিন বিরোধী এই নেতা আরও বলেন, ‘যারা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছে আমি তাদের একজন। আমি ইউরোপিয়ান পার্লামেন্টের প্রতি কৃতজ্ঞ, তারা আমাদের কাজকে ব্যাপক প্রশংসা করেছেন। আমরা আমাদের সেরাটা করার চেষ্টা করে যাব।’
এদিকে আজ সকালে ক্রেমলিন জানায় ইউরোপীয় পার্লামেন্টের সিদ্ধান্তের প্রতি তাঁদের কোনো সম্মান নেই। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, ‘ইউরোপীয় পার্লামেন্টের প্রতি আমাদের সম্মান আছে। কিন্তু তাদের সিদ্ধান্তকে আমরা সম্মান জানাতে পারছি না।’ মুক্তচিন্তার মতো শব্দটির অর্থের সঙ্গে এই সিদ্ধান্ত ‘সুস্পষ্ট অবমূল্যায়ন’।
৪৪ বছর বয়সী রাজনীতিক নাভালনি গত বছরের আগস্টে প্রায় মরতে বসেছিলেন। সে সময় তিনি সাইবেরিয়ার টমসক শহর থেকে উড়োজাহাজে করে মস্কোয় ফিরছিলেন।
যাত্রাপথে উড়োজাহাজেই তিনি অসুস্থ হয়ে পড়েন। তাঁকে বহনকারী উড়োজাহাজ সাইবেরিয়ার ওমস্কে জরুরি অবতরণ করে। সেখানকার একটি হাসপাতালে নেওয়া হয় তাঁকে। তিনি কোমায় চলে গিয়েছিলেন। পরে তাঁকে চিকিৎসার জন্য জার্মানির বার্লিনে নেওয়া হয়। সেখানে তিনি ধীরে ধীরে সেরে ওঠেন। বিশেষজ্ঞদের পরীক্ষা-নিরীক্ষার ভিত্তিতে গত সেপ্টেম্বরে জার্মানি জানায়, নাভালনিকে রাশিয়ান নার্ভ এজেন্ট ‘নোভিচক’ প্রয়োগ করা হয়েছিল। পরে অন্য দেশের বিশেষজ্ঞরাও একই কথা বলেন।
বিষ প্রয়োগের জন্য সরাসরি পুতিনকে দায়ী করেন নাভালনি। তবে পুতিন এ অভিযোগ অস্বীকার করেছেন। এ ঘটনায় আন্তর্জাতিক তদন্তের আহ্বানে ক্রেমলিন কর্ণপাত করেনি।
ক্রেমলিনের হুমকি উপেক্ষা করে গত ১৭ জানুয়ারি দেশে ফেরেন নাভালনি। বিমানবন্দরেই তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে কারাদণ্ড দেওয়া হয়। বর্তমানে তিনি কারাগারে আছেন। নাভালনিকে বিষ প্রয়োগ ও কারাবন্দী করার অভিযোগে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন।
নাভালনির বিরুদ্ধে অবিচার করার বিষয়টি অস্বীকার করেছে মস্কো। একই সঙ্গে ইইউর বিরুদ্ধে রাশিয়ার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার অভিযোগ করেছে তাঁরা।
সাবেক সোভিয়েত ইউনিয়নের বিশিষ্ট পরমাণুবিজ্ঞানী, ভিন্নমতাবলম্বী ও মানবাধিকারকর্মী আন্দ্রেই শাখারভের নামে প্রবর্তিত এই পুরস্কার ১৯৮৮ সাল থেকে দিয়ে আসছে ইউরোপীয় পার্লামেন্ট। পুরস্কারটির পুরো নাম ‘শাখারভ প্রাইজ ফর ফ্রিডম অব থট’ বা ‘শাখারভ মুক্তচিন্তা পুরস্কার’। মানবাধিকার সমুন্নত রাখা ও মুক্তচিন্তার বিকাশে অবদান রাখা ব্যক্তি বা প্রতিষ্ঠানকে এ পুরস্কার দেওয়া হয়। এ পুরস্কারের অর্থমূল্য ৫০ হাজার ইউরো।