পুতিনের অভিযোগ অস্বীকার করলেন এরদোয়ান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুরস্ক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) দখল করা খনির তেল কিনছে বলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অভিযোগ করেছেন। জবাবে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান গত সোমবার বলেছেন, রাশিয়া ওই অভিযোগ প্রমাণ করতে পারলে তিনি পদত্যাগ করবেন। খবর এএফপির।
তুর্কি বিমানবাহিনী গত সপ্তাহে সিরীয় সীমান্তে একটি রুশ যুদ্ধবিমান বিধ্বস্ত করায় দুই দেশের মধ্যে উত্তেজনা চলছে। এ প্রেক্ষাপটে অব্যাহত কথার লড়াইয়ের মধ্যে রুশ প্রেসিডেন্ট পুতিন সোমবার অভিযোগ করেন, আইএসের কাছ থেকে তেল কিনে নিরাপদে তুরস্কে নিয়ে যাওয়ার জন্যই দেশটির সেনারা রুশ বিমান ভূপাতিত করেছে। সন্ত্রাসীদের সঙ্গে তুরস্কের যোগসাজশ রয়েছে এবং আইএস নিয়ন্ত্রিত ভূখণ্ড থেকে তুরস্কে তেল রপ্তানি করা হয়।
পুতিনের অভিযোগ অস্বীকার করে তাঁকে ‘আবেগপ্রবণ আচরণ’ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন এরদোয়ান। তিনি বলেন, তুরস্ক সব সময় বৈধ পথে তেল-গ্যাস আমদানি করে। আঙ্কারা কোনো সন্ত্রাসী সংগঠনের সঙ্গে লেনদেন করার মতো অসৎ নয়।
উত্তেজনা প্রশমনে প্যারিসে চলমান বিশ্ব জলবায়ু সম্মেলনের ফাঁকে পুতিনের সঙ্গে বৈঠক করতে চেয়েছিলেন এরদোয়ান। কিন্তু রাশিয়া ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।