পুতিনের কাছে নতি স্বীকার ট্রাম্পের!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই পক্ষের পরিকল্পনারও বেশি সময় স্থায়ী হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঐতিহাসিক প্রথম বৈঠক। গত শুক্রবারের এ বৈঠকে উভয় নেতা মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ নিয়ে আলোচনা করলেও অতীত নিয়ে ঘাঁটাঘাঁটির পরিবর্তে সম্পর্ক ভালো করার ওপরই মনোযোগ দিয়েছেন।

রিপাবলিকান নেতা ট্রাম্প রুশ প্রেসিডেন্টের সঙ্গে তাঁর এ বৈঠককে এক ‘সম্মানের’ বিষয় বলে আখ্যা দিয়েছেন। তবে দ্রুত নিজ দেশে ডেমোক্র্যাটদের সমালোচনার মুখে পড়েছেন তিনি। তাঁদের অভিযোগ, ট্রাম্প মার্কিন গোয়েন্দা তথ্য উপেক্ষা করেছেন। নির্বাচনে রুশ
হস্তক্ষেপ নিয়ে পুতিনের অস্বীকারকেই বেশি গুরুত্ব দিয়ে কার্যত তাঁর কাছে নতি স্বীকার করেছেন তিনি।

জার্মানির হামবুর্গে শিল্পোন্নত দেশগুলোর জোট জি-২০-এর শীর্ষ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বলেন, প্রায় দুই ঘণ্টা ধরে অনুষ্ঠিত বৈঠকে প্রেসিডেন্ট ট্রাম্প রুশ প্রেসিডেন্ট পুতিনের প্রতি ইতিবাচক অনুরাগ দেখিয়েছেন। ২০১৬-এর নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে মার্কিন জনগণের উদ্বেগের প্রসঙ্গ তুলে ধরে আলোচনার সূচনা করেন ট্রাম্প। তিনি জোরালোভাবে তাঁর বক্তব্য তুলে ধরেছেন।

তবে রাশিয়ার প্রেসিডেন্ট মার্কিন গণতান্ত্রিক প্রক্রিয়ায় কোনো রকম নাক গলানোর কথা নাকচ করে দেন। হস্তক্ষেপের ওই অভিযোগের সপক্ষে তিনি প্রমাণ চান। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেন, নির্বাচনে হস্তক্ষেপ নিয়ে মার্কিন গোয়েন্দাদের অভিযোগ ভুয়া বলে পুতিন বৈঠকে যে বক্তব্য দিয়েছেন, তা মেনে নিয়েছেন ট্রাম্প।

টিলারসন বলেন, দুই নেতাই সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। তিনি বলেন, মতবিরোধকে পাশ কাটিয়ে কীভাবে সামনে অগ্রসর হওয়া যায়, তার ওপরই সরাসরি মনোযোগ দিয়েছেন তাঁরা।

কিন্তু বৈঠকের ফলাফল নিয়ে এ রকম ব্যাখ্যা মানছেন না ডেমোক্র্যাটরা। মার্কিন সিনেটে ডেমোক্র্যাট দলীয় নেতা চাক শুমার এক বিবৃতিতে বলেছেন, ‘আমাদের নির্বাচনপ্রক্রিয়া নিয়ে কোনো আপসের চেষ্টা করা উচিত নয়। আর যেসব ক্ষেত্রে মতবিরোধের কাছে হার মানাই গ্রহণযোগ্য ফলাফল, এই নির্বাচন প্রক্রিয়াকে সে রকম ক্ষেত্রে পরিণত করাটা ঠিক নয়।’

পুতিনের সঙ্গে জি-২০ সম্মেলনের এ পার্শ্ব বৈঠকে বসার আগে গত বৃহস্পতিবার পোল্যান্ড সফরে ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে মস্কোর হস্তক্ষেপের অভিযোগ নিয়ে সামান্য হলেও নিজের সমর্থনের কথা প্রকাশ করেছিলেন। তবে মস্কোর সঙ্গে তাঁর দেশের সম্পর্কোন্নয়নেরও প্রতিশ্রুতি দেন। ট্রাম্প বলেন, তাঁর দল রাশিয়ার সঙ্গে বিবাদে জড়াবে না।

টিলারসন বলেন, ট্রাম্প ও পুতিন যুক্তরাষ্ট্রের নিজস্ব বিষয় এবং দেশটিসহ অন্যান্য দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় হস্তক্ষেপ না করার প্রতিশ্রুতি রক্ষায় কাজ করে যাওয়ার ব্যাপারে সম্মত হয়েছেন। ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের রাশিয়াবিষয়ক সাবেক কর্মকর্তা অ্যান্ড্রু ওয়েইস বলেন, ট্রাম্প চনমনে শারীরিক ভাষা দেখিয়ে ও মার্কিন নির্বাচনে কথিত রুশ হস্তক্ষেপ নিয়ে বৈঠকে পুতিনকে চাপ না দিয়ে এক ভুল সংকেতই দিলেন।

ওয়াশিংটনের গবেষণা প্রতিষ্ঠান ‘কার্নেগি এনডাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিস’-এ বর্তমানে কর্মরত ওয়েইস আরও বলেন, দুই নেতার বৈঠকের পরিবেশ ছিল অন্তরঙ্গ। বৈঠকে যুক্তরাষ্ট্র-রাশিয়া সম্পর্ক স্বাভাবিক করার জন্য ট্রাম্পের তরফে আগ্রহ ছিল স্পষ্ট।