আফ্রিকায় কয়েক হাজার মানুষের প্রাণঘাতী ব্যাধি ইবোলা ভাইরাসের টিকা আবিষ্কার করেছে রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত বুধবার এ ঘোষণা দিয়েছেন। রুশ বার্তা সংস্থা আরআইএ নভোস্তি পুতিনকে উদ্ধৃত করে জানায়, ‘একটা ভালো সংবাদ আছে। আমরা ইবোলা ভাইরাসের একটি ওষুধ নিবন্ধন করেছি।’ রুশ প্রেসিডেন্ট বলেন, কয়েক দফা পরীক্ষার পর এই টিকা এযাবৎ বিশ্বের বিভিন্ন দেশে ব্যবহৃত ইবোলার প্রতিষেধকের চেয়ে ‘বেশি কার্যকর এবং শক্তিশালী’ বলে মনে প্রমাণিত হয়েছে। নতুন প্রতিষেধকের নাম কী, এটি কীভাবে কাজ করে, কেই-বা এটি আবিষ্কার করল এ নিয়ে বিস্তারিত আর কিছুই রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখন পর্যন্ত ইবোলার কোনো প্রতিষেধক বা চিকিৎসা পদ্ধতিকে স্বীকৃতি দেয়নি। এখন কেবল লক্ষণ দেখে এই ভাইরাসে আক্রান্তদের চিকিৎসা দেওয়া হয়। বছর দুয়েক হলো ইবোলার প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর থেকে বেশ কয়েকটি প্রতিষেধক আবিষ্কার হলেও এর কোনোটিই কার্যকর বলে প্রমাণিত হয়নি।
এএফপি