পুতিনের সঙ্গে বৈঠক করতে চান এরদোয়ান: মস্কো

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করতে চান। আজ শুক্রবার প্রেসিডেন্ট পুতিনের একজন মুখপাত্র সংবাদ সম্মেলনে এ কথা জানান। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ কথা জানানো হয়।
পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ আজ মস্কোয় সংবাদ সম্মেলনে সাংবাদিকদের জানান, তুরস্কের পক্ষ থেকে রাষ্ট্রপ্রধান পর্যায়ের বৈঠকের প্রস্তাব দেওয়া হয়েছে। ওই প্রস্তাব ইতিমধ্যে রুশ প্রেসিডেন্টের কার্যালয়ে পৌঁছেছে। আগামী সোমবার ফ্রান্সের রাজধানী প্যারিসে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক করতে চান প্রেসিডেন্ট এরদোয়ান। এ বিষয়ে আর কিছু বলেননি পেসকভ। মস্কো ওই প্রস্তাবে ইতিবাচক সাড়া দেবে কি না, তা উল্লেখ করেননি রুশ প্রেসিডেন্টের এই মুখপাত্র।
আগামী সোমবার থেকে প্যারিসে জলবায়ুবিষয়ক শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে। ওই সম্মেলনে পুতিন ও এরদোয়ানের যোগ দেওয়ার কথা। মূলত ওই সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি পুতিনের সঙ্গে বৈঠক করতে চান এরদোয়ান।
সংবাদ সম্মেলনে পেসকভ জানান, গত মঙ্গলবার তুর্কি সামরিক বাহিনী রুশ যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করার সাত থেকে আট ঘণ্টা পর প্রেসিডেন্ট এরদোয়ান ফোন করেন পুতিনের কাছে।
এরদোয়ান গতকাল বৃহস্পতিবার ফ্রান্স ২৪ টেলিভিশনকে বলেন, তিনি ঘটনার দিন পুতিনের কাছে ফোন করেছিলেন। এখন পর্যন্ত পুতিন তাঁকে ফোন করেননি।
সিরিয়ায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে রাশিয়ার চলমান অভিযানে অংশ নেওয়া যুদ্ধবিমানটি গত মঙ্গলবার গুলি করে ভূপাতিত করা হয়। তুর্কি বাহিনীর অভিযোগ, বারবার সতর্ক করার পরও আকাশ সীমা লঙ্ঘন করায় বিমানটি ভূপাতিত করা হয়।
বিমান ভূপাতিত করার ওই ঘটনার পর থেকে তুরস্ক ও রাশিয়ার মধ্যে উত্তেজনা চলছে।