পুতিনের সমালোচক নাভালনির কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়ার বিরোধী নেতা আলেক্সি নাভালনিকে সাড়ে তিন বছরের স্থগিত কারাদণ্ড দেওয়া হয়েছে। অর্থ আত্মসাৎ-সংক্রান্ত একটি দুর্নীতির মামলায় তাঁর এই সাজা হয়। নাভালনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক হিসেবে পরিচিত। খবর রয়টার্স ও বিবিসির।
নাভালনির ভাই ওলেগকেও সাড়ে তিন বছরের হেফাজত কারাদণ্ড দেওয়া হয়েছে।
নাভালনি বেশ কয়েক বছর ধরে প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে ব্যাপক মাত্রায় দুর্নীতির অভিযোগ করে আসছিলেন। নাভালনি বলেছেন, তাঁকে দেওয়া দণ্ড রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
একটি প্রতিষ্ঠান থেকে তিন কোটি রুবল (৫১ লাখ মার্কিন ডলার) আত্মসাতের দায়ে নাভালনি ও তাঁর ভাইকে কারাদণ্ড দেওয়া হয়। প্রতিষ্ঠানটি ফ্রান্সের বিখ্যাত প্রসাধন উৎপাদন প্রতিষ্ঠান ইভ রোশের একটি শাখা।
পেশায় আইনজীবী নাভালনি রাজনৈতিক দল প্রগ্রেস পার্টির সদস্য। ‘জাতীয়তাবাদী গণতন্ত্রী’ হিসেবে নিজের পরিচয় দেন তিনি। ২০১৩ সালে মস্কোর মেয়র পদে নির্বাচন করে হেরে যান।
রায় দেওয়ার কথা ছিল আগামী মাসে। তবে আদালতের কার্যক্রম অবিশ্বাস্য দ্রুতগতিতে এগিয়ে নিয়ে গতকাল রায় দেওয়া হয়। আগামী ১৫ জানুয়ারি নাভালিনের সমর্থকেরা একটি বিরাট প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছিল। সে জন্যই আগাম রায় দেওয়া হলো বলে বিশ্লেষকেরা মনে করছেন।
পুতিনের এই সমালোচক এখন গৃহবন্দী হয়েই আছেন। ২০০৯ সালে একটি কাঠ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে ১ কোটি ৬০ লাখ রুবল আত্মসাতের অপরাধে তিনি পাঁচ বছরের স্থগিত কারাদণ্ড খাটছেন।