পুতিনের সাবেক সহযোগীর মৃত্যু বিষয়ে তথ্য চায় মস্কো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিখাইল লেসিন
মিখাইল লেসিন

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাবেক সহযোগী মিখাইল লেসিনের মৃত্যুর বিষয়ে তথ্য না দেওয়ায় যুক্তরাষ্ট্রের নিন্দা করেছে রাশিয়া। দেশটি বলেছে, গত বৃহস্পতিবার লেসিনের আকস্মিক মৃত্যু নিয়ে মেডিকেল রিপোর্ট প্রকাশের পর তারা এ বিষয়ে বিশদ জানতে আগ্রহী।
রাশিয়ার গণমাধ্যম জগতের প্রভাবশালী ব্যক্তিত্ব মিখাইল লেসিনকে গত বছরের ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের একটি হোটেলে মৃত অবস্থায় পাওয়া যায়। বৃহস্পতিবার প্রকাশিত মেডিকেল রিপোর্টে বলা হয়েছে, মাথায় প্রচণ্ড আঘাতে লেসিনের মৃত্যু হয়। তবে এতে বলা হয়, ঠিক কোন পরিস্থিতিতে তিনি ওই আঘাতের শিকার হন তা পরিষ্কার নয়। রুশ গণমাধ্যমে বলা হয়েছিল, হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান রাশিয়ার এই মিডিয়া ব্যক্তিত্ব।
ওয়াশিংটনের রুশ দূতাবাসের প্রেস সেক্রেটারি ইউরি মেলনিক বলেন, লেসিনের মৃত্যুর বিষয়ে হালনাগাদ তথ্যের জন্য বারবার অনুরোধ করা সত্ত্বেও খুব কম তথ্যই দেওয়া হয়েছে। এমন ‘অসহযোগিতার’ কথা বলেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভও। তিনি বলেন, ‘এ ঘটনার বিষয়ে মস্কোর কাছে বিশদ কোনো তথ্য দেওয়া হয়নি। গণমাধ্যমে তাঁর মৃত্যুর বিষয়ে যে মেডিকেল রিপোর্টের কথা এসেছে, তার পরিপ্রেক্ষিতে আমরা আশা করছি—এ বিষয়ে বিশদ তথ্য পাব।’
ওয়াশিংটন ডিসির প্রধান মেডিকেল পরীক্ষক বলেছেন, মাথায় আঘাত ছাড়াও লেসিনের কাঁধ, হাত ও পায়ে ক্ষতচিহ্ন ছিল। তবে এসব ক্ষত কীভাবে হয়েছে সে বিষয়ে তিনি প্রতিবেদনে কিছু বলেননি।
ওয়াশিংটনের পুলিশ কর্মকর্তা ডাস্টিন স্টার্নব্যাককে উদ্ধৃত করে ওয়াশিংটন পোস্ট বলেছে, লেসিনের মৃত্যুর ঘটনা তদন্তাধীন।
২০০৪-২০০৯ সময়কালে পুতিনের সহযোগী হিসেবে কাজ করেছেন মিখাইল লেসিন। রাশিয়ার রাষ্ট্রনিয়ন্ত্রিত টেলিভিশন চ্যানেল আরটির প্রতিষ্ঠাতা তিনি।