পুতিনের 'যুদ্ধকক্ষ'

এ যেন গত শতকের ষাটের দশকের আলোচিত রাজনৈতিক কমেডি ‘ডক্টর স্ট্রেঞ্জলাভ’-এর কোনো এক দৃশ্য। সুপরিসর কক্ষে বিশাল পর্দায় ভেসে উঠল প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঢোকার দৃশ্য। পর্দায় এরপর দেখানো হলো সিরিয়ার প্রত্যন্ত লক্ষ্যস্থলসমূহে হামলা চালানোর জন্য বিভিন্ন রুশ বিমানঘাঁটি থেকে যুদ্ধবিমানের উড়ে যাওয়ার ছবি। দেখা গেল, পুতিন সিরিয়ায় পাঠানো রুশ কমান্ডারদের বিভিন্ন নির্দেশনা দিচ্ছেন।
যুদ্ধের ব্রিফিং দেওয়ার কাজে ব্যবহারের জন্য রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নতুন নিয়ন্ত্রণকেন্দ্র এটি। ন্যাশনাল কন্ট্রোল ডিফেন্স সেন্টার নামে এ কেন্দ্রের উদ্বোধন হয়েছে অতি সম্প্রতি। এটি তিন স্তরের, কয়েক শ কোটি ডলারের সমপরিমাণ অর্থে নির্মিত একটি ভবন। আর এর যে কক্ষ থেকে পুতিন নির্দেশনা দিচ্ছিলেন, সেটি তাঁর ‘যুদ্ধকক্ষ’।
গত মাসে মিসরের সিনাইয়ে রুশ যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হওয়ার পেছনে সন্ত্রাসবাদ জড়িত ছিল—গোয়েন্দারা এ কথা নিশ্চিত করার পর পুতিন প্রথম যেখানে পা রাখেন তা হচ্ছে এই ন্যাশনাল কন্ট্রোল ডিফেন্স সেন্টার। ভবনটি যাতে রুশ সেনাবাহিনীর স্নায়ুকেন্দ্র হিসেবে কাজ করতে পারে, সে লক্ষ্য নিয়েই এর নকশা করা হয়েছে। এ ভবন থেকেই এখন বিশ্বব্যাপী রাশিয়ার যুদ্ধ বা সামরিক তৎপরতার সমন্বয় করা হবে। ভবনটি মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের ব্যবহৃত জাতীয় সামরিক কমান্ড সেন্টারের সমতুল্য। নিয়ন্ত্রণকেন্দ্রটি খুবই সুরক্ষিত এবং জালের মতো ছড়ানো ভূগর্ভস্থ কিছু সুড়ঙ্গের ওপর নির্মিত।
গণমাধ্যমে পুতিনের ‘যুদ্ধকক্ষ’ হিসেবে তকমা পাওয়া নিয়ন্ত্রণকেন্দ্রটির নির্মাণকাজ শেষ হয় ২০১৪ সালেই। বহু অর্থ ব্যয়ে কয়েক দশক ধরে চলা রুশ সেনাবাহিনীর আধুনিকায়নের অংশ হিসেবে এটি গড়ে তোলা হয়েছে। রাশিয়ার সঙ্গে কারও যুদ্ধ বাধলে এ কেন্দ্রটিই হয়ে উঠবে প্রধান যোগাযোগ ও নিয়ন্ত্রণের কেন্দ্র। একজন রুশ কমান্ডার একে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে সোভিয়েত ইউনিয়নের সেনা সদর দপ্তরের সঙ্গে তুলনা করেছেন।
সূত্র: ওয়াশিংটন পোস্ট