পুরস্কার অনুষ্ঠানে গাওয়া হলো ডিলানের 'হার্ড রেইনস গনা ফল'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোবেল পুরস্কার প্রদান ও তারপরের ভোজসভার মধ্য দিয়ে শেষ হলো নোবেল সপ্তাহ। ছোট কিন্তু খুবই জমাট অনুষ্ঠান হলো স্টকহোম কনসার্ট হলে। সুইডিশ জাতীয় সংগীত দিয়ে অনুষ্ঠান শুরু হয়। সূচনা বক্তব্য দেন নোবেল ফাউন্ডেশনের চেয়ারম্যান কার্ল হেনরিক হেল্ডেন। এরপর প্রতিটি বিভাগে পুরস্কার বিজয়ীদের জন্য প্রেজেন্টেশন স্পিচ।
বব ডিলানের নামোচ্চারণের পর তাঁর গাওয়া ‘আ হার্ড রেইনস গনা ফল’ গানটি পরিবেশন করেন প্যাটি স্মিথ। এর অর্কেস্ট্রেশন করেন হ্যান্স এক। সাহিত্যে নোবেলজয়ী ডিলান পুরস্কার নিতে আসেননি। নোবেল কমিটিকে জানিয়ে দিয়েছেন তাঁর অপারগতার কথা। তাঁর অনুপস্থিতি নানা রকম আলোচনার জন্ম দিয়েছে।
অনুষ্ঠানে সব নোবেল বিজয়ীর সম্পর্কে আলোকপাত করার পর সুইডেনের রাজা কার্ল গুস্তাভ প্রত্যেক বিজয়ীর হাতে মেডেল ও ডিপ্লোমা তুলে দেন।
পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পান ডেভিড থাউলেস, ডানকান হেল্ডেন ও মাইকেল কস্টারলেজ। রসায়নবিদ্যায় পান জঁ পিয়ের শোভেজ, ফ্র্যাসার স্টোডার্ট ও বার্নার্ড ফেরেঙ্গা। চিকিৎসাশাস্ত্রে পান ইয়াশিনোরি ওশুমি। অর্থনীতিতে পান অলিভার হার্ট ও বেং হলস্ট্রোম।
সুইডিশ জাতীয় সংগীত দিয়ে অনুষ্ঠান শেষ হয়। এরপর ছিল ভোজসভা।
নরওয়ের রাজধানী ওসলোতে দেওয়া হয় শান্তিতে নোবেল পুরস্কার। অসলো সিটি হলে এ পুরস্কার গ্রহণ করেন কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান মানুয়েল সান্তোস।
১৯০১ সাল থেকেই ১০ ডিসেম্বরে আলফ্রেড নোবেলের মৃত্যুদিনে এই পুরস্কার দেওয়া হয়। সুইডিশ আবিষ্কারক, শিল্পপতি আলফ্রেড নোবেল মারা যান ১৮৯৬ সালে। এর আগে তিনি উইল করে যান। তখন থেকেই সুইডেনের রাজধানী স্টকহোমে দেওয়া হচ্ছে পদার্থবিদ্যা, রসায়ন, চিকিৎসাশাস্ত্র ও সাহিত্যের পুরস্কার। শুরু থেকেই শান্তি পুরস্কার দেওয়া হচ্ছে নরওয়ের রাজধানী অসলোয়। ১৯৬৯ সাল থেকে এই পুরস্কারগুলোর সঙ্গে আরেকটি পুরস্কার যুক্ত হয়। রিকসব্যাংকের ৩০০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলফ্রেড নোবেলের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে অর্থনীতিতে নোবেল পুরস্কার চালু হয়। এই পুরস্কারটিও দেওয়া হয় অন্য বিজয়ীদের সঙ্গে স্টকহোমে।
আর নোবেল মিউজিয়াম সারা দিনই ব্যস্ত ছিল নোবেল দিবস নিয়ে।
গতকাল বেলা ১১টা থেকেই নোবেল মিউজিয়াম ছিল উন্মুক্ত। দলে দলে মানুষ মিউজিয়ামে গেছেন। নোবেল বিজয়ীদের স্মারকের সঙ্গে সময় কাটিয়েছেন। এরই মধ্যে একদল মানুষ মন্দিরা, কাসা ইত্যাদি বাজাতে বাজাতে আর ‘হরে কৃষ্ণ হরে রাম’ বলতে বলতে এলাকাটা পার হলেন। তাতে এক জাপানি মেয়ে এতই রোমাঞ্চিত হয়ে উঠল যে, ওদের দলে ভিড়ে গিয়ে বাদ্যের তালে তালে নাচতে লাগল। শত শত মানুষ সে দৃশ্য দেখে বেশ আনন্দ পেল।
নোবেল মিউজিয়ামের যে জায়গায় এবারের বিজয়ীদের স্বাক্ষর করা চেয়ারগুলো ছিল, সেখানে এখন স্মারকগুলো রাখা আছে নোবেল বক্তৃতা শোনার পর।
ছোট মিলনায়তনটিতে সব সময় কোনো একজন নোবেল বিজয়ীকে নিয়ে তৈরি দু-তিন মিনিটের ছায়াছবি চলতেই থাকে। এখানকার সময় বেলা দুইটার দিকে সেখানে দেখা গেল, নরওয়ের অসলো থেকে নোবেল শান্তি পুরস্কারের অনুষ্ঠানটি সরাসরি দেখানো হচ্ছে। অনেকেই তা দেখছেন।
গতকাল সকাল থেকেই স্টকহোমে তুষারপাত। পিচ্ছিল রাস্তায় মানুষ কম। বাসও আসছে দেরি করে। কিন্তু নোবেল মিউজিয়ামে ও কনসার্ট হলের আশপাশে মানুষের ভিড় লেগেই আছে। থাকবেই তো। আবার এ রকম একটি অনুষ্ঠানের জন্য তো অপেক্ষা করতে হবে একটি বছর।