পুরো ইউরোপের নজরে নেদারল্যান্ডসের নির্বাচন
তুরস্কের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে নেদারল্যান্ডসের পার্লামেন্ট নির্বাচনে ভোট গ্রহণ করা হয়েছে গতকাল বুধবার। বিশ্বজুড়ে লোকরঞ্জনবাদের উত্থানের মধ্যে এই নির্বাচন ইউরোপের জন্য বেশ গুরুত্বপূর্ণ। নির্বাচনের গুরুত্বপূর্ণ দুই প্রার্থী বর্তমান প্রধানমন্ত্রী মার্ক রুট এবং ইসলামবিদ্বেষী ও ইইউ-বিরোধী প্রার্থী গিয়ার্ট ভিল্ডার্স।
নির্বাচনের মাঠে উগ্র জাতীয়তাবাদী নেতা গিয়ার্ট ভিল্ডার্সই প্রধানমন্ত্রী মার্ক রুটের মূল প্রতিদ্বন্দ্বী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কায়দায় জোরালো দেশপ্রেমের বুলি আউড়ে নেদারল্যান্ডসকে ‘মহান’ বানানোর স্লোগান দিয়ে প্রচারণা চালিয়েছেন ভিল্ডার্স। এতে করে তাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তুলনা করছেন অনেকে।
নির্বাচনী লড়াইয়ে আছে ২৮টি দল। কিন্তু মূল প্রতিদ্বন্দ্বিতা হবে মার্ক রুটের রক্ষণশীল দল পার্টি ফর ফ্রিডম অ্যান্ড ডেমোক্রেসি এবং ভিল্ডার্সের ফ্রিডম পার্টির মধ্যে। সর্বশেষ জনমত জরিপে দেখা গেছে, মার্ক রুটের দল এগিয়ে আছে। কিন্তু ভিল্ডার্সের দলের অবস্থানও বেশ মজবুত।
নেদারল্যান্ডসে দলের ভোটের অনুপাতে পার্লামেন্টের আসন বরাদ্দ করা হয়। ৭৬ আসন নিশ্চিত হলে সরকার গঠন করা যায়। তবে এবারের নির্বাচনে যে দলই এগিয়ে থাকুক না কেন, সরকার গঠনের জন্য জোট করতে হবে বলেই মনে করা হচ্ছে।
নেদারল্যান্ডসের আজকের ভোট এ বছর ইউরোপের তিনটি গুরুত্বপূর্ণ নির্বাচনের একটি। অন্য দুটি নির্বাচন হচ্ছে ফ্রান্স ও জার্মানিতে। তিনটি দেশেই লোকরঞ্জনবাদ, অর্থাৎ আমজনতাকে খুশি করার রাজনীতির উত্থান ঘটছে। নির্বাচনের প্রার্থী হয়েছেন লোকরঞ্জনবাদীরা। ফলে নেদারল্যান্ডসের নির্বাচনের দিকে তাকিয়ে আছে পুরো ইউরোপ, বিশেষ করে ফ্রান্স ও জার্মানি। আগামী মাসের ফরাসি প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম ধাপ। মে মাসে শেষ ধাপ। ফ্রান্সে শীর্ষ প্রার্থীদের একজন অভিবাসন ও ইসলামবিরোধী ন্যাশনাল ফ্রন্টের নেতা মারিন লো পেন। বছরের শেষ ভাগে জার্মানির নির্বাচন। সেখানেও অভিবাসনবিরোধী ডানপন্থীদের উত্থান ঘটেছে।
গতকাল দিনের শুরুতেই ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী মার্ক রুট। এ ছাড়া হেগে ভোট দিয়েছেন গিয়ার্ট ভিল্ডার্স। ভোট দেওয়ার পর নিজের জয়ের বিষয়ে আশাবাদী বলে জানান ভিল্ডার্স। তিনি মার্কিন নির্বাচনের প্রসঙ্গ তুলে বলেন, ‘আমি মনে করি, যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোতে যা ঘটেছে, তা ফের প্রমাণ করেছে যে সাধারণ জনগণ দেশপ্রেমিক হতে চায়।’
অন্যদিকে মার্ক রুট বলেছেন, এটা নেদারল্যান্ডসের জন্য গুরুত্বপূর্ণ নির্বাচন। নেদারল্যান্ডসের মতো গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ। এই নির্বাচন লোকরঞ্জনবাদের ভুল আদর্শকে ঠেকাতে পারে।
এক মাস ধরে জরিপে এগিয়ে ছিলেন ডানপন্থী ভিল্ডার্স, কিন্তু সম্প্রতি বেশ পিছিয়ে পড়েছেন। সেখান থেকে ঘুরে দাঁড়ানো তাঁর জন্য কঠিন হয়ে উঠতে পারে। ইসলাম ও অভিবাসনবিদ্বেষী মন্তব্য করে নানা সময়ে বিতর্কের জন্ম দিয়েছেন ভিল্ডার্স। তাঁর বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগও আছে। এ নিয়ে দুবার আদালতে যেতে হয়েছে।

মার্ক রুট
২০১০ সাল থেকে প্রধানমন্ত্রী। রক্ষণশীল রাজনীতিবিদ। ২০০৬ সাল থেকে ‘পার্টি ফর ফ্রিডম অ্যান্ড ডেমোক্রেসি’ দলের প্রধান। তিনি ইইউতে থাকা ও মুসলিম অভিবাসন কার্যক্রম অব্যাহত রাখতে চান। প্রচারণার প্রথম দিকে পিছিয়ে থাকলেও গণভোট নিয়ে তুরস্কের সঙ্গে বিরোধে জড়িয়ে তাঁর জনপ্রিয়তা বেড়েছে।

গিয়ার্ট ভিল্ডার্স
ডানপন্থী জাতীয়তাবাদী রাজনীতিক। কট্টরপন্থী রাজনৈতিক অবস্থানের কারণে তাঁকে ‘নেদার-ল্যান্ডসের ট্রাম্প’ বলেন অনেকে। চরম ডানপন্থী ফ্রিডম পার্টির প্রতিষ্ঠাতা। গত কয়েকটি নির্বাচনে তাঁর জনপ্রিয়তা বেড়েছে। ভিল্ডার্স মুসলিম অভিবাসীদের প্রবেশ বন্ধ করে দেওয়া এবং ইইউ থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে।