পূর্ব ইউক্রেনে নতুন করে সংঘাত
ইউক্রেনের সংঘাতপূর্ণ পূর্বাঞ্চলে সরকারি বাহিনী ও রুশপন্থী বিদ্রোহীদের মধ্যে নতুন করে সংঘর্ষ হয়েছে। এতে গতকাল বুধবার কমপক্ষে পাঁচজন বেসামরিক লোক নিহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। এ ছাড়া ইউক্রেনের সেনাবাহিনী অভিযোগ করেছে, সীমান্তে রুশ সেনারা তাদের ওপর আক্রমণ চালিয়েছে। খবর এএফপির।
দোনেৎস্ক শহরের কর্মকর্তারা জানান, বুধবারের সংঘর্ষে কমপক্ষে পাঁচজন নিহত ও ২৯ জনের বেশি বেসামরিক মানুষ আহত হয়েছে।
ইউক্রেনের সামরিক বাহিনীর মুখপাত্র আন্দ্রে লাইশেঙ্কো অভিযোগ করেন, রাশিয়ার নিয়মিত বাহিনী লুহানস্ক অঞ্চলে আক্রমণ চালিয়েছে। তবে কোনো নিরপেক্ষ সূত্র থেকে ইউক্রেনের এই অভিযোগ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। রাশিয়া বরাবরই ইউক্রেনে সেনা পাঠানোর অভিযোগ অস্বীকার করে আসছে।
সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠকে যোগ দিতে যাওয়া ইউক্রেনের প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো দেশে ফেরার জন্য তাঁর সফর সংক্ষিপ্ত করেছেন।
ইউক্রেন-সংকট নিয়ে গতকাল জার্মানির বার্লিনে ইউক্রেন, রাশিয়া, জার্মানি ও ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে শান্তি আলোচনা শুরুর আগে এ সংঘর্ষ হয়। গতকালই নিউইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদেও এ বিষয়ে আলোচনার কথা রয়েছে।