পূর্ব ইউক্রেনে নির্বাচন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা আজ রোববার যে নির্বাচন করতে যাচ্ছে, তাকে স্বীকৃতি দেবে না যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। পৃথকভাবে ওই নির্বাচন আয়োজনের নিন্দা জানিয়েছে ফ্রান্স, জার্মানি ও ন্যাটো জোটও। খবর এএফপি ও রয়টার্সের।
পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চলে বিচ্ছিন্নতাবাদীদের আয়োজিত নির্বাচন প্রসঙ্গে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র বার্নাডেট মিহ্যান গত শুক্রবার বলেন, ‘তথাকথিত’ এ নির্বাচনের উদ্যোগ অবৈধ ও দুঃখজনক। এটি অনুষ্ঠিত হলে সংবিধানের লঙ্ঘন হবে। তবে ওই অঞ্চলে আগামী ৭ ডিসেম্বর আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থনে নির্বাচন হলে যুক্তরাষ্ট্র তাকে স্বীকৃতি দেবে।
পূর্ব ইউক্রেনের আজকের নির্বাচনকে স্বীকৃতি না দেওয়ার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি ইউক্রেন, জার্মানি ও ফ্রান্সের নেতারা আহ্বান জানিয়েছেন। জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল টেলিফোনে পুতিনকে বলেছেন, ইউক্রেনের পূর্বাঞ্চলে পরিকল্পিত নির্বাচন অবৈধ এবং ইউরোপীয় নেতারা এটিকে স্বীকৃতি দেবেন না।
মস্কো এ নির্বাচনের উদ্যোগকে স্বাগত জানিয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো বলেছেন, এই নির্বাচনের ফলে ইতিমধ্যে নাজুক শান্তিপ্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হবে।