পূর্ব ইউক্রেনে বিদ্রোহীদের ভোট হলো
পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চলে রুশপন্থী বিদ্রোহীদের আয়োজিত নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার প্রেসিডেন্ট ও পার্লামেন্ট সদস্য নির্বাচনের জন্য ওই বিতর্কিত ভোটের আয়োজন করা হয়। খবর বিবিসির।
ইউক্রেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বিরোধিতা করলেও রাশিয়া এই নির্বাচনকে সমর্থন দিচ্ছে। গত সপ্তাহে ইউক্রেনে অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচন বর্জন করে রুশপন্থী বিদ্রোহীরা। দোনেৎস্ক ও লুহানস্কে ওই নির্বাচনে ভোট গ্রহণ করতেও দেয়নি তারা।
রুশপন্থী বিদ্রোহীদের দাবি, তারা স্বাধীন। তাই দোনেৎস্ক ও লুহানস্কে ইউক্রেনের আইন মানা কিংবা ইউক্রেন সরকারের আয়োজিত নির্বাচনে তাদের অংশ নেওয়ার প্রয়োজন নেই।
বিদ্রোহী নিয়ন্ত্রিত ভোটের নির্বাচন কমিশনের প্রধান রোমান লায়াগিন বলেন, ‘এ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনের মাধ্যমে এ অঞ্চলের জনগণ আমাদের ক্ষমতাকে বৈধতা দেবেন। একই সঙ্গে ইউক্রেন তথা কিয়েভ থেকে আমাদের আরও পৃথক হওয়ার আইনি ভিত্তি দেবেন।’