পূর্ব ইউক্রেনে ভয়াবহ লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্ব ইউক্রেনে সরকারি বাহিনীর সঙ্গে রুশপন্থী বিদ্রোহীদের নতুন করে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। গত বুধবার সকালে শুরু হওয়া এ লড়াইয়ে অন্তত ২৪ জন নিহত ও শতাধিক আহত হয়েছে। রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষ পরস্পরকে অস্ত্রবিরতি চুক্তি ভঙ্গের জন্য দায়ী করছে। খবর এএফপি ও বিবিসির।
রুশপন্থী বিদ্রোহীদের জ্যেষ্ঠ কমান্ডার এদুয়ার্দ বাসুরিন এএফপিকে বলেছেন, দুই পক্ষের লড়াইয়ে অন্তত ১৪ জন বিদ্রোহী ও পাঁচজন বেসামরিক লোক নিহত হয়েছে। এ ছাড়া অন্তত ২৪ জন বেসামরিক লোক ও ৮৬ জন বিদ্রোহী আহত হয়েছে।
ইউক্রেন সরকারের বিরোধী বিদ্রোহীরা দাবি করেছে, তাদের পাঁচ যোদ্ধা নিহত হয়েছে। কিয়েভ গত বুধবার অভিযোগ করে, রুশপন্থী বিদ্রোহীরা তাদের নিয়ন্ত্রিত দোনেৎস্ক এলাকার পশ্চিমে মারিইনকা এলাকায় লড়াই শুরু করে। বুধবার সন্ধ্যা পর্যন্ত তা চলে।
বিদ্রোহীদের পক্ষ থেকে বলা হয়েছে, তারা আগে হামলা শুরু করেনি। বরং ইউক্রেনের সেনাদের হামলা প্রতিহত করার চেষ্টা করে মাত্র।
অস্ত্রবিরতি চুক্তি ভঙ্গের জন্য ইউক্রেনকে দায়ী করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। গতকাল তিনি বলেন, গত ১২ ফেব্রুয়ারি বেলারুশের মিনস্কে করা অস্ত্রবিরতি চুক্তির বাধ্যবাধকতা মেনে চলছে না কিয়েভ।
এর আগের দিন ক্রেমলিন কর্তৃপক্ষ অভিযোগ করে, ইউক্রেনের সেনারা বিদ্রোহীদের বিরুদ্ধে কামানসহ ভারী অস্ত্রশস্ত্র নিয়ে হামলা শুরু করে ‘উসকানি দেয়’।