পূর্ব ইউরোপে সামরিক শক্তি বাড়াচ্ছে ন্যাটো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউক্রেনে লড়াই তীব্রতর হওয়ার প্রেক্ষাপটে পূর্ব ইউরোপে সামরিক উপস্থিতি বাড়ানোর পরিকল্পনা ঘোষণা করছে ন্যাটো। মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটটির প্রধান বলেছেন, স্নায়ুযুদ্ধের পর এটাই হবে ন্যাটোর সামষ্টিক প্রতিরক্ষাব্যবস্থা মোতায়েনের সবচেয়ে বড় ঘটনা।
এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির গতকাল বৃহস্পতিবার ইউক্রেনে সে দেশের নেতাদের সঙ্গে বৈঠকের কথা ছিল। পূর্ব ইউক্রেনে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে লড়াইয়ে সরকারি বাহিনীকে সহায়তায় অস্ত্র পাঠানো যায় কি না, তা যুক্তরাষ্ট্র বিবেচনা করছে, এমন খবরের মধ্যে কেরির এই সফর। খবর এএফপি, রয়টার্স ও বিবিসির।
ন্যাটো জোটভুক্ত দেশগুলোর প্রতিরক্ষামন্ত্রীরা গতকাল বেলজিয়ামের ব্রাসেলসে এক বৈঠকে বসেন। ন্যাটো বাহিনীর উপস্থিতি বৃদ্ধির মাধ্যমে পূর্ব ইউরোপের সদস্যদেশগুলোকে নিরাপত্তার ব্যাপারে আশ্বস্ত করাই ছিল এই বৈঠকের মূল লক্ষ্য। বৈঠক থেকে পাঁচ হাজার সেনার সমন্বয়ে এমন একটি বাহিনী মোতায়েনের ঘোষণা আসার কথা ছিল, যার অগ্রগামী ইউনিটগুলো দুই দিনের সংক্ষিপ্ত নোটিশেই মোতায়েন করা যাবে।
ন্যাটোপ্রধান জেনস স্তলতেনবার্গ বলেছেন, রুশ আগ্রাসনের কারণে ন্যাটো জোট তার নিরাপত্তা পরিস্থিতিতে ‘মৌলিক পরিবর্তনে’র মুখোমুখি হয়েছে। ব্রাসেলসে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা রাশিয়ার পক্ষ থেকে যে আগ্রাসী কর্মকাণ্ড দেখতে পেয়েছি, তার জবাবে আমরা এটা করছি।...যখন আমরা দেখি বিশ্ব বদলে যাচ্ছে, তখন আমাদের বাহিনীকে খাপ খাওয়াতে আমরা এটাই করে থাকি।’
ইউক্রেন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে বাল্টিক রাষ্ট্রগুলোসহ ন্যাটোভুক্ত অন্য দেশগুলোর জন্য যে রুশ হুমকি সৃষ্টি হবে, তা রুখতেই এসব পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
কেরি কিয়েভে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কেরি গতকাল কিয়েভে পৌঁছেছেন। সেখানে ইউক্রেনের প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো ও প্রধানমন্ত্রী আরসেনিয়ে ইয়াটসেনিউকের সঙ্গে তাঁর বৈঠক করার কথা ছিল। বৈঠকে যেসব বিষয় নিয়ে আলোচনা হবে বলে প্রত্যাশা করা হচ্ছিল, তার মধ্যে অন্যতম হচ্ছে, ইউক্রেনকে অস্ত্র সহায়তাসহ বিভিন্ন ধরনের সহায়তা দেওয়ার বিষয়টি।
এর আগে গত বুধবার সাবেক মার্কিন উপপ্রতিরক্ষামন্ত্রী অ্যাশটন কার্টার বলেন, তিনি অস্ত্র দিতে ‘ইচ্ছুক’। যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রতিরক্ষামন্ত্রী হিসেবে হোয়াইট হাউসের পছন্দ কার্টার মার্কিন সিনেটের সশস্ত্র বাহিনীবিষয়ক কমিটিতে হাজির হয়ে এ কথা বলেন।
হাসপাতালে গোলা, নিহত ৪: পূর্ব ইউক্রেনে বিচ্ছিন্নতাবাদীদের শক্ত ঘাঁটি দোতেৎস্ক শহরের পশ্চিমে অবস্থিত একটি হাসপাতাল ও আশেপাশে গতকাল গোলা নিক্ষেপ করা হয়। এতে চারজন মারা গেছেন।
জাতিসংঘ প্রধানের আহ্বান: পূর্ব ইউক্রেনের ডেবাল্টসেভ এলাকায় লড়াইয়ের কারণে আটকে পড়া বেসামরিক লোকদের বেরিয়ে আসার সুযোগ দিতে একটি সাময়িক অস্ত্রবিরতির আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন।
ওলাঁদ-ম্যার্কেল কিয়েভ যাচ্ছেন: ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ জানিয়েছেন, একটি শান্তি প্রস্তাব উপস্থাপন করতে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলকে সঙ্গে নিয়ে ইউক্রেনে যাচ্ছেন। কিয়েভে ইউক্রেনের নেতাদের সঙ্গে আলোচনা করে নতুন পরিকল্পনাটি এগিয়ে নেবেন। এরপর আজ শুক্রবার মস্কোয় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন।