
শরণার্থীদের গ্রহণে অস্বীকৃতি জানানোয় পূর্ব ইউরোপীয় সরকারগুলোর কঠোর সমালোচনা করেছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল। তারা কুসংস্কারের কাছে নতিস্বীকার এবং নিজেদের ইতিহাসকে অস্বীকার করছে বলে অভিযোগ করেন মেরকেল। যুক্তরাষ্ট্রের সংবাদভিত্তিক ওয়েবসাইট পলিটিকোর এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। খবর রয়টার্সের।
গত বুধবার ইউরোপীয় পার্লামেন্টে ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের সঙ্গে যৌথ ভাষণ দেওয়ার আগে মধ্য-ডানপন্থী ইউরোপিয়ান পিপলস পার্টির আইনপ্রণেতাদের সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠকে অ্যাঙ্গেলা মেরকেল ওই মন্তব্য করেন বলে প্রতিবেদনে বলা হয়। ওই বৈঠকে মেরকেল হাঙ্গেরীয়, চেক, স্লোভাক এবং বাল্টিক কয়েকটি দেশের নেতারা শরণার্থী সংকটে যে প্রতিক্রিয়া ব্যক্ত করেন, তার তীব্র সমালোচনা করেন। তবে তিনি কোনো নেতার নাম উল্লেখ করেননি।
সাবেক সমাজতান্ত্রিক পূর্ব জার্মানিতে বেড়ে ওঠা মেরকেলের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়, ‘আমরা পূর্ব ইউরোপীয়রা (আমি নিজেকে পূর্ব ইউরোপীয় বলে গণ্য করি) দেখেছি যে বিচ্ছিন্নতা কোনো সহায়তা করে না। আমরা যদি কেবল বেড়া নির্মাণ করি, তবে শরণার্থী আসা বন্ধ হবে না এবং আমি নিজেও বেড়ার পেছনে দীর্ঘ সময় বাস করেছি।’
সিরিয়ার শরণার্থীদের জন্য জার্মানির দুয়ার খুলে দেওয়ায় ওই বৈঠকে হাঙ্গেরির রক্ষণশীল নেতা ভিক্তর ওরবান ও স্লোভাকের মধ্য-বামপন্থী প্রধানমন্ত্রী রবার্ট ফিকো মেরকেলকে আক্রমণ করে বলেন, তিনি (মেরকেল) ইউরোপে শরণার্থীদের আগমনকে উসকে দিয়েছেন। পাশাপাশি জার্মানির ওই সিদ্ধান্তে ‘খ্রিষ্টান মূল্যবোধ’ হুমকির মুখে ফেলেছে।
তবে ওই মতকে নাকচ করে দিয়ে মেরকেল বলেন, ‘যদি আমরা বলি, আমরা আমাদের দেশে মুসলিমদের গ্রহণ করব না, তবে সারা বিশ্বের খ্রিষ্টানদের রক্ষা করার আমরা কে?’
সংঘাত এবং দারিদ্র্য থেকে বাঁচতে চলতি বছরে এ পর্যন্ত মধ্যপ্রাচ্য, এশিয়া ও আফ্রিকার পাঁচ লাখের বেশি শরণার্থী ও অভিবাসনপ্রত্যাশী ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে প্রবেশ করেছে।